'প্রয়োজন' হলেই সড়কের মাটি কাটেন তিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট-চিতলমারী মহাসড়কে মুনিগঞ্জ সেতুর অ্যাপ্রোচ সড়কের জমির মাটি কেটে নেওয়া হয়েছে। ছবি: সরদার ইনজামামুল হক, বাগেরহাট
বাগেরহাট-চিতলমারী মহাসড়কে মুনিগঞ্জ সেতুর অ্যাপ্রোচ সড়কের জমির মাটি কেটে নেওয়া হয়েছে। ছবি: সরদার ইনজামামুল হক, বাগেরহাট

তিনি স্থানীয় এক ইটভাটার মালিক। ইটভাটার জন্য যখনই প্রয়োজন হয়েছে, নির্দ্বিধায় সড়কের জমির মাটি কেটে নিয়ে গেছেন তিনি। দিনের পর দিন মাটি কেটে নেওয়ায় এখন সড়কটিই পড়েছে ঝুঁকির মুখে। বাগেরহাট-চিতলমারী মহাসড়কে মুনিগঞ্জ সেতুর অ্যাপ্রোচ সড়কের জমির এমন বেহাল দশা করেছেন এমবিআই ব্রিক স্রে ইটভাটার মালিক মিজানুর রহমান।

আজ রোববার পুলিশ ওই ইটভাটার মাটি কাটার যন্ত্র (এক্সকাভেটর) জব্দ করেছে। এর আগে গতকাল শনিবার ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

সড়ক ও জনপথ বিভাগের বাগেরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, বাগেরহাট সদরের ভৈরব নদের ওপর নির্মাণ করা হয়েছে মুনিগঞ্জ সেতু। এই সেতু জেলা সদরের সঙ্গে চিতলমারী উপজেলাসহ সদর ও কচুয়া উপজেলার কয়েকটি ইউনিয়নে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করেছে। সেতুর পূর্ব দিকের অ্যাপ্রোচ সড়কের দুই পাশে সড়ক বিভাগের প্রায় ১২০ ফুট জমি রয়েছে।

বাগেরহাট-চিতলমারী মহাসড়কে মুনিগঞ্জ সেতুর অ্যাপ্রোচ সড়কের জমির মাটি কেটে নেওয়া হয়েছে। ছবি: সরদার ইনজামামুল হক, বাগেরহাট
বাগেরহাট-চিতলমারী মহাসড়কে মুনিগঞ্জ সেতুর অ্যাপ্রোচ সড়কের জমির মাটি কেটে নেওয়া হয়েছে। ছবি: সরদার ইনজামামুল হক, বাগেরহাট

তিনি বলেন, গত কয়েক দিন ধরে এমবিআই ব্রিক স্রে নামের ইটভাটার জন্য এক্সকাভেটর দিয়ে সড়কের মাটি কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। বাগেরহাট-চিতলমারী (জেড-৭৭০৮) জেলা মহাসড়কের মুনিগঞ্জ সেতুর অ্যাপ্রোচ সড়কের বাঁ পাশের জমি থেকে ইটভাটার জন্য রাতের আঁধারে মাটি কেটে নেওয়া হচ্ছিল। অবৈধভাবে মাটি কাটায় সড়কটি এখন ঝুঁকিতে পড়েছে। গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে ওই মালিকের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। গতকাল রাতে সওজের উপসহকারী প্রকৌশলী এইচ এম সোয়েব হোসেন বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মামলাটি করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, সড়ক বিভাগের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে মামলা নেওয়া হয়েছে। মাটি কাটার কাজে ব্যবহৃত যন্ত্রটি জব্দ করা হয়েছে। ইটভাটার মালিক আত্মগোপনে থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাঁকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মালিক আত্মগোপনে গেছেন বলা হলেও প্রথম আলো তাঁর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেন। তবে সাংবাদিক পরিচয় দেওয়ার পর ‘পরে কথা বলছি’ বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।