'ফাউ' না দেওয়ায় মারধর, মুদিদোকানি হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকার এক মুদিদোকানি গত রোববার রাতে মারধরের শিকার হয়েছেন। তাঁর অভিযোগ, দোকানের মালামাল ‘ফাউ’ না দেওয়ায় তাঁকে দোকান থেকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেছেন এলাকার চার তরুণ।
আহত ওই দোকানির নাম মানিক মিয়া (২০)। তিনি শহরের দক্ষিণ শ্রীপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। মানিক রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন মানিক প্রথম আলোকে বলেন, শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় তাঁর একটি মুদি দোকান রয়েছে। পাশাপাশি তিনি মুঠোফোনে টাকা রিচার্জের ব্যবসাও করেন। স্থানীয় তরুণ লিটন, ইমরান, আশিক, সজীবসহ কয়েকজন বিভিন্ন সময়ে তাঁর দোকান থেকে সিগারেট, বিস্কুটসহ বিভিন্ন মালামাল নিলেও টাকা দেননি। একইভাবে গত শনিবার সকালে তাঁরা কয়েকজন দোকান থেকে সিগারেট নিতে আসেন। কিন্তু টাকা ছাড়া তিনি সিগারেট নিতে বাধা দেন। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে চলে যান। পরে রোববার রাত নয়টার দিকে ‘কথা আছে’ বলে লিটন তাঁকে দোকান থেকে বের হতে বলেন। বের হওয়ামাত্রই তাঁরা লাঠিসোঁটা দিয়ে তাঁকে পেটানো শুরু করেন। এতে তাঁর চোখের নিচের অনেকটা কেটে যায়। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই তরুণেরা পালিয়ে যান।
তবে ওই তরুণদের একজন লিটন অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, তিনি হামলার সময় ঘটনাস্থলেই ছিলেন না। পূর্ব বিরোধের জের ধরে মানিককে মারধর করেছেন অন্য তিন তরুণ। তিনি দুই পক্ষের মধ্যে সমঝোতা করে দেওয়ার চেষ্টা করছেন।
আহত মানিককে স্থানীয় লোকজন উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান বলেন, মানিক আঘাত পেলেও তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মিয়া বলেন, মারধরের বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।