'বকশিশ' দিলে মিটারে চলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা মহানগরে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশাগুলো মিটারে চললেও এর বেশির ভাগ চালকই ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বকশিশ দাবি করেন। এ ছাড়া যাত্রীদের চাহিদা অনুযায়ী গন্তব্যে যেতে তাঁরা রাজিও হন না।
রাজধানী ঢাকায় সিএনজিচালিত অটোরিকশার নতুন ভাড়ার হার ১ নভেম্বর থেকে কার্যকর হয়। নতুন ভাড়া অনুযায়ী অটোরিকশার প্রথম দুই কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা। প্রতি এক মিনিট ওয়েটিংয়ের (যাত্রাবিরতি, যানজট ও সিগন্যাল) জন্য দুই টাকা। মালিকের জমা ৯০০ টাকা। কিন্তু ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরও অনেক চালকই তা মানছেন না।
এর আগে বিভিন্ন পরিবহনের যাত্রীদের নিয়ে কাজ করে, এমন সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। গত ২০ থেকে ২৮ জানুয়ারি রাজধানীর ১৯টি গুরুত্বপূর্ণ স্থানে ১ হাজার ৯৩টি অটোরিকশার কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং ১ হাজার ১৬০ জন অটোরিকশাযাত্রীর সঙ্গে কথা বলে এই প্রতিবেদন তৈরি করা হয়।
যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ সম্পর্কে মুহাম্মাদ শওকত আলী বলেন, ‘পরিসংখ্যান সব সময় একটি বিতর্কের বিষয়। তা ছাড়া এই প্রতিবেদন বিআরটিএর কাছে দেওয়া হয়নি। তবে ১০০ ভাগ অটোরিকশা মিটারে চলে, সেটা আমরাও বলছি না। যাতে সবাই মিটারে যায়, বিআরটিএ বিভিন্নভাবে সেই চেষ্টাই করছে।’
সরেজমিনে এবং কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, অটোরিকশাগুলোর মধ্যে দিনে যে কয়টাও মিটারে চলে, সন্ধ্যার পর কোনো অটোরিকশাই মিটারে যেতে রাজি হয় না। এ ছাড়া দিনে স্বল্প দূরত্বে অনেক চালকই মিটারে চলতে রাজি হন না। বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা সুবর্ণা ধর বলেন, গত শুক্রবার দুপুরে কলাবাগান থেকে মিরপুরে মিটারে নির্ধারিত ভাড়ায় কোনো অটোরিকশাচালক যেতে রাজি হচ্ছিলেন না। প্রায় ৪৫ মিনিট রাস্তায় অপেক্ষা করেন তিনি। এ সময় ছয় থেকে সাতটি অটোরিকশাচালক মিটারে নির্ধারিত ভাড়ায় যেতে রাজি হননি। শেষ পর্যন্ত একটি অটোরিকশা পান, যা মিটারে যেতে রাজি হয়েছে, তাও ৩০ টাকা বকশিশ দেওয়ার শর্তে। এ সময় বিআরটিএতে অভিযোগ দেওয়ার জন্য অটোরিকশাগুলোর রেজিস্ট্রেশন নাম্বার লিখে নেওয়ার চেষ্টা করা হলে চালকেরা দ্রুত স্থান ত্যাগ করেন।
গতকাল বুধবার সন্ধ্যায় কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে থেকে শান্তিনগরে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা জাবেদ মোস্তফা। কোনো অটোরিকশাচালকই মিটারে যেতে রাজি হচ্ছিলেন না। শেষে বাধ্য হয়ে চুক্তিতে নির্ধারিত ভাড়াতেই গন্তব্যে রওনা দেন তিনি। অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় তিনি এই প্রতিবেদককে বলেন, বেশির ভাগ সময় মিটারে নির্ধারিত ভাড়াতেই তিনি কর্মস্থলে আসতে পারেন। যদিও প্রতিবারই ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বকশিশ দিতে হয়। কিন্তু কোনো দিনই তিনি সন্ধ্যার পর মিটারে নির্ধারিত ভাড়ায় বাসায় যেতে পারেন না।
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে বলা হয়, প্রতিবেদনটি করার সময় ঢাকা মহানগরের সদরঘাট, গুলিস্তান, প্রেসক্লাব, পল্টন, কাকরাইল, দৈনিক বাংলা, মতিঝিল, কমলাপুর রেলওয়ে স্টেশন, খিলগাঁও চৌরাস্তা, ফকিরাপুল, ফার্মগেট, মালিবাগ, মিরপুর ১০, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, শাহবাগ, বিমানবন্দর, মহাখালী এলাকাগুলো ঘুরে দেখা হয়েছে। এ সময় সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকায় বিআরটিএ বা অন্য কোনো সংস্থার কোনো তৎপরতা চোখে পড়েনি।
বিআরটিএর সচিব মুহাম্মাদ শওকত আলী বলেন, যানবাহনের অনিয়ম পর্যবেক্ষণের জন্য বিআরটিএর ছয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। তবে এই ভ্রাম্যমাণ আদালতগুলোর কোনো নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থানে থাকে না। এ ছাড়া অনিয়ম ধরার সুবিধার্থে কখন কোন জায়গায় কোন আদালত বসবে বা কোনো আদালত থাকবে কি না, তা-ও কাউকে জানানো হয় না।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিআরটিএর কার্যক্রম দৃশ্যমান নয়। অথবা তারা যে ব্যবস্থা নিচ্ছে তা পর্যাপ্ত নয়। এ কারণে যাত্রীদের কথা বিবেচনা না করে এক লাফে অটোরিকশার ভাড়া প্রায় ৬০ শতাংশ বাড়িয়েও এই খাতে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। চালকদের স্বেচ্ছাচারিতা বেড়েই চলছে আর যাত্রীরা প্রতিনিয়ত জিম্মি হচ্ছে।