'বনদস্যু' জিয়া বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৪
পশ্চিম সুন্দরবনে র্যাব ও কথিত বনদস্যুদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। এ সময় ‘বনদস্যু’ জিয়া বাহিনীর প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র্যাব।
আজ সোমবার ভোররাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাটেশ্বর খালে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, দুটি পাইপগান ও ১৯টি গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাবের ভাষ্য।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জিয়াউর রহমান ওরফে জিয়া (৩৭), মিন্টু গাজী (৩২), মাসুম বিল্লাহ (২৫) ও ইউনুচ আলী (২৪)।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভাষ্য, গ্রেপ্তার হওয়া জিয়া বনদস্যু জিয়া বাহিনীর প্রধান। অন্যরা তাঁর সহযোগী।
র্যাব-৬-এর কমান্ডিং অফিসার অতিরিক্ত উপমহা পুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম বলেন, বনদস্যু জিয়া বাহিনী কাটেশ্বর খাল এলাকায় অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। অভিযানে গেলে র্যাবকে লক্ষ্য করে বনদস্যুরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট ধরে গুলিবিনিময় হয়। একপর্যায়ে বনদস্যুরা পিছু হটে যায়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। জিয়া বাহিনীর প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।