'বন্দুকযুদ্ধে হুজি সদস্য' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. তাজুল ইসলাম আল মাহমুদ (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার কুটি চৌমুহনী এলাকায় গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
তাজুল নিষিদ্ধঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষস্থানীয় সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাঁর বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাদুল্লাপুর গ্রামে।
কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিনের ভাষ্যমতে, কুটি চৌমুহনী এলাকায় বুধবার রাতে একটি গোপন আস্তানায় জঙ্গি সংগঠনের কয়েকজন সদস্য একটি বৈঠক করছিলেন। গোপন সূত্রে এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং গুলি চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে তাজুল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অন্য জঙ্গিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, নয়টি গুলি, পাঁচটি চাপাতি ও ৩৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।