'বন্দুকযুদ্ধে' আরও একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রাজধানীতে আরও একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নুরুজ্জামান ওরফে জনি (৩০)। তিনি খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক। গত সোমবার গভীর রাতে খিলগাঁও তিলপাপাড়া জোড়পুকুর খেলার মাঠের পাশে এ ঘটনা ঘটে। এ নিয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচি চলাকালে চারজনের মধ্যে তিনজন কথিত বন্দুকযুদ্ধে নিহত হলেন।
নুরুজ্জামানের শরীরে ১৬টি গুলির চিহ্ন রয়েছে বলে লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্বজনদের অভিযোগ, তাঁকে ধরে নিয়ে মেরে ফেলা হয়েছে।
এর আগে রোববার গভীর রাতে গোয়েন্দা পুলিশের কথিত বন্দুকযুদ্ধে ইমরুল কায়েস (৩২) নিহত হন। তিনি জামায়াত নেতা ও নড়াইল পৌরসভার কাউন্সিলর। তাঁর শরীরে ১৯টি গুলির ক্ষতচিহ্ন ছিল বলে লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া গত শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা মতিউর রহমান (২২) নিহত হন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, গত সোমবার দুপুরে পুরান ঢাকার নাজিমউদ্দীন সড়ক থেকে (কেন্দ্রীয় কারাগার এলাকা) ছাত্রদল নেতা নুরুজ্জামান ও মঈন হোসেনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান গত শনিবার রমনা এলাকায় পুলিশ বাসসহ বিভিন্ন জায়গায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ও ককটেল হামলা চালিয়েছে বলে স্বীকার করেন। এরপর তাঁর তথ্য অনুযায়ী নাশকতায় অর্থের জোগানদাতা ও অস্ত্র উদ্ধারে রাতে তাঁকে নিয়ে অভিযানে বের হয় ডিবি। তিলপাপাড়া জোড়পুকুর খেলার মাঠের পাশে ডিবির দলটি পৌঁছালে ৮-১০ জন সন্ত্রাসী পুলিশের ওপর গুলি করা শুরু করে। তারা পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা ও ককটেল ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি করে।
পুলিশের দাবি, বন্দুকযুদ্ধের সময় সন্ত্রাসীদের গুলিতে নুরুজ্জামান নিহত হন। এ সময় দুজন পুলিশ সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল, তিনটি পিস্তলের গুলির খোসা, ছয়টি ককটেল ও একটি পেট্রলবোমা উদ্ধার করা হয়। নুরুজ্জামানের সঙ্গে গ্রেপ্তার মঈনকে রমনা থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খিলগাঁও থানার ছয়টি নাশকতার মামলার অভিযোগপত্রভুক্ত আসামি নুরুজ্জামান।
গতকাল গোড়ান এলাকায় নুরুজ্জামানের ভাড়া বাসায় তাঁর বাবা ইয়াকুব আলী বলেন, গত শুক্রবার তাঁর ছোট ছেলে মনিরুজ্জামান ওরফে হীরাকে পুলিশ গ্রেপ্তার করে। ছোট ভাইকে দেখতে আরেক ছাত্রদল কর্মী মঈনকে নিয়ে সোমবার দুপুরে নাজিমউদ্দীন সড়কের কেন্দ্রীয় কারাগারের ফটকে যান নুরুজ্জামান। দুপুর সোয়া একটার দিকে কারা ফটকে পৌঁছানোর পরে নুরুজ্জামানের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর থেকেই তাঁর আর কোনো খোঁজ নেই। গতকাল সকাল সাড়ে আটটার দিকে তাঁকে একজন ফোন করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে যেতে বলেন। তাঁর অভিযোগ, নুরুজ্জামানকে ধরে নিয়ে মেরে ফেলা হয়েছে। এর জন্য তিনি সরকারকে দায়ী করেন।
এলাকাবাসী জানান, নুরুজ্জামানের বাবা ইয়াকুব আলীর রিকশা ও অটোরিকশার গ্যারেজ রয়েছে। তিলপাপাড়ায় তাঁদের নিজের জমিতে বাড়ি তৈরির কাজ চলছে বলে তাঁরা গোড়ানে ভাড়া বাসায় রয়েছেন। নুরুজ্জামান ছাত্রদল করতেন এবং তাঁর বিরুদ্ধে অনেকগুলো নাশকতার মামলা রয়েছে, এটা এলাকার অনেকেই জানতেন।
নিহত ব্যক্তির ফুফাতো ভাই শহীদুল ইসলাম বলেন, নুরুজ্জামান হাবিবুল্লাহ বাহার কলেজে পড়তেন। বছর খানেক আগে তিনি বিয়ে করেন। তাঁর স্ত্রী মুনিরা পারভীন সাত মাসের অন্তঃসত্ত্বা।
লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে আনার পরে গতকাল সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে মর্গে স্বজন ও প্রতিবেশী ছাড়া রাজনৈতিক সহকর্মীদের ভিড় তেমন ছিল না। নিহত নুরুজ্জামানের মা নিলুফার পারভীন চীৎকার করে কাঁদছিলেন আর বলছিলেন ‘আমার ছেলে কী দোষ করছে? ওরে কেন মারলেন? আহন আমাগো বাঁচায়া লাভ কী, আমাগোও মাইরা ফেলান। আল্লাহ তুমি ওগো বিচার কইরো।’
নিহত নুরুজ্জামানের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাঁর শরীরে ১৬টি গুলির চিহ্ন রয়েছে। এর মধ্যে কোমরের ওপরে বাঁ পাশে একটি, বুকের মাঝবরাবর তিনটি, বুকের বাঁ পাশে দুটি ও ডান পাশে তিনটি, পিঠের বাঁ পাশে চারটি, ডান পাশে একটি, মাঝামাঝি একটি ও ঘাড়ের বাঁ পাশে একটি ছিদ্রযুক্ত ক্ষত রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাজনীন সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
‘বন্দুকযুদ্ধে’ নুরুজ্জামান নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক বিবৃতিতে তিনি আরও বলেন, খিলগাঁও বিএনপির নেতা দীপু সরকারকে সাদাপোশাকধারীরা ধরে নিয়ে যাওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।