'বন্দুকযুদ্ধে' আরেক শিবির কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত শনিবার গভীর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এমদাদ উল্লাহ (২৩) নামে ছাত্রশিবিরের একজন কর্মী নিহত হয়েছেন। তিনি ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। 
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচি চলাকালে র্যা ব-পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সারা দেশে ১৬ দিনের মধ্যে এ নিয়ে আটজন নিহত হলেন। এঁদের মধ্যে জামায়াত-শিবিরের তিনজন, ছাত্রদলের তিনজন ও ছিনতাইকারী দুজন। এই আটজনের মধ্যে পাঁচজন নিহত হন ঢাকায়। এ ছাড়া গত ২৬ জানুয়ারি রাতে চাঁপাইনবাবগঞ্জে আটকের পর ট্রাকের তলায় পড়ে আরেকজন শিবির কর্মী নিহত হন। র্যা বের দাবি, তিনি গাড়ি থেকে পালাতে গিয়ে ট্রাকের তলায় পড়েন।
পুলিশ দাবি করেছে, শনিবার সন্ধ্যায় এমদাদকে আটকের পর গভীর রাতে তাঁকে নিয়ে বেড়িবাঁধ এলাকায় বাকি সহযোগীদের ধরতে যায় পুলিশ। এ সময় তাঁর সহযোগীরা পুলিশের ওপর গুলি-বোমা মেরে হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি করে। এই ‘বন্দুকযুদ্ধের’ সময় আটক এমদাদ উল্লাহ পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে নিজের সহযোগীদের গুলিতে মারা যান।
তবে ঢাকা মেডিকেল কলেজ মর্গে এমদাদের লাশ নিতে আসা তাঁর ভাই ইসলামী ব্যাংকের কর্মকর্তা হেদায়েতউল্লাহ বলেন, ‘আমার ভাই কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। ও টিউশনি করত আর কলেজে যাওয়া-আসা করত। ওকে কেন এভাবে মারা হলো, তা আমরা জানি না। আমরা এত কথা বলতেও চাই না।’
তবে ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত এমদাদ উল্লাহ শিবিরের মহানগর পশ্চিম সাংগঠনিক ইউনিটের ৯৩ নম্বর ওয়ার্ডের (শাহ আলী এলাকা) সভাপতি ছিলেন। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে শিবির।
মিরপুর থানার পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় মিরপুর-১০ নম্বর এলাকা থেকে দুটি পেট্রলবোমাসহ এমদাদকে আটক করে পুলিশ। এরপর তাঁর দেওয়া তথ্যমতে, মিরপুর ২ নম্বর সেকশনের ২ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার মেস থেকে আরও ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এঁরা হলেন: ফরিদউদ্দীন, মনিরুজ্জামান সরকার, রাসেল আহম্মেদ, মাসুদ রানা, এ কে এম ফয়সাল কবীর, আমিনুল ইসলাম, মনির হোসেন, সালাউদ্দিন রিপন, আবদুল্লাহ আল মামুন, শিপন মাহমুদ ও মো. লাবু।
পুলিশ জানায়, ওই মেস থেকে আরও কিছু পেট্রলবোমা, পেট্রল, গানপাউডার, কোমল পানীয়র খালি বোতল, শিবিরের কিছু বইপত্র ও নিবন্ধন খাতা উদ্ধার করা হয়। এরপর এমদাদ উল্লাহকে আরও জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে মিরপুর বেড়িবাঁধে সাদা মাইক্রোবাস নিয়ে আরও কিছু শিবির কর্মী নাশকতার জন্য অপেক্ষা করছে। এরপর এমদাদকে সঙ্গে নিয়ে ওই এলাকায় গেলে সাদা মাইক্রোবাস থেকে শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল হামলা চালায়। পুলিশও রিকুইজিশন করা লেগুনা গাড়ি থেকে নেমে পাল্টা গুলি করা শুরু করে। এ সময় এমদাদ পুলিশের গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাঁর গায়ে সহযোগীদের ছোড়া গুলি লাগে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন খান জানান, গোলাগুলির ঘটনায় অজ্ঞাত শিবির নেতা-কর্মীদের আসামি করে এমদাদকে হত্যা, পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। এ ছাড়া এমদাদের তথ্যমতে গ্রেপ্তার ১১ জনের বিরুদ্ধেও বিস্ফোরকদ্রব্য রাখার অভিযোগে মামলা হয়েছে। গতকাল আদালত তাঁদের দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন।
গতকাল দুপুরে মিরপুর বেড়িবাঁধ (মিরপুর-ধউর) সড়কে গিয়ে জানা যায়, বেড়িবাঁধের একটি নির্মাণাধীন আবাসন প্রকল্পের কাছে কিছুটা নির্জন এলাকায় শনিবার রাতে ওই গোলাগুলির ঘটনা ঘটে। নিহতের শরীরে গুলির ছয়টি জখমের চিহ্ন রয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিহত এমদাদ উল্লাহর বাড়ি জামালপুর সদরের বানিয়ারপাড় গ্রামে। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ষষ্ঠ ছিলেন।