জয়পুরহাটে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ হত্যা মামলার এক আসামি ও তাঁর এক সহযোগী পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তাঁরা হলেন সোহেল হোসেন ও মুনিরুজ্জামান ওরফে মুনির।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল বলেন, গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার ভাদসা ইউনিয়নে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। আজাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোহেল।
নিহত মুনিরুজ্জামান ভাদসা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা যুবলীগের সভাপতি অশোক ঠাকুর। সোহেলও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানান তিনি।
মুনিরুজ্জামানের পরিবার অভিযোগ করেছে, ৮ জুন সাদাপোশাকের লোকজন পুলিশ পরিচয়ে তাঁকে ধরে নিয়ে যান। আর সোহেলের পরিবার বলেছে, তিনি পাঁচ-ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন।
সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, তাঁরা খবর পান, ভাদসা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ হত্যা মামলার আসামিসহ সন্ত্রাসীরা কোঁচকুড়ি গ্রামে তাঁর বাড়িতে হামলার প্রস্তুতি নিচ্ছে। এর ভিত্তিতে সোমবার রাত আড়াইটার দিকে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন পুলিশ নিয়ে কোঁচকুড়ি সড়কে ওঠামাত্র সন্ত্রাসীরা গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়লে উভয় পক্ষে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে আশপাশের গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গোপালপুর-কোঁচকুড়ি সড়ক থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি ম্যাগাজিন ও দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়। তিনি বলেন, নিহত দুজনের বিরুদ্ধে হত্যাসহ এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে। সোহেলের বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা রয়েছে।
জয়পুরহাটের জেলা আধুনিক হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মর্গে মুনিরুজ্জামানের চাচা আবদুস সালাম বলেন, ৮ জুন রাতে সাদাপোশাকের লোকজন পুলিশ পরিচয় দিয়ে মুনিরকে ধরে নিয়ে যান। পরে সদর থানায় খোঁজ নিলে পুলিশ তাঁকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করে। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। পুলিশ তাঁকে ধরে এনে হত্যা করেছে।
সালামের এ অভিযোগ অস্বীকার করেছেন সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল।
নিহত সোহেলের ভগ্নিপতি মহিবুল ইসলাম বলেন, সোহেল ৭ জুন দুপুরের দিকে মঙ্গলবাড়ি বাজারে মাছ বিক্রির টাকা নিতে গিয়ে আর ফেরেননি। থানা-পুলিশসহ বিভিন্ন জায়গায় খোঁজ করে তাঁকে পাওয়া যায়নি। গতকাল ভোরে লোকমুখে শোনেন, সোহেল ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন। সোহেল দীর্ঘদিন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
গত ৩১ মার্চ অনুষ্ঠিত ভাদসা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবুল কালাম আজাদ জয়ী হন। মে মাসে তিনি শপথ নেন। ৪ জুন রাতে বাড়ি ফেরার পথে তাঁকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১২ জুন তিনি মারা যান। এ ঘটনায় তাঁর ছোট ভাই এনামুল হক সদর থানায় মামলা করেন।