'বন্দুকযুদ্ধে' এক আসামি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় ছাত্রলীগের গোলাগুলিতে মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ এবং এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় করা মামলার অন্যতম আসামি মেহেদী হাসান ওরফে আজিবর শেখ (৩৪) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
পুলিশের ভাষ্যমতে, গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর শহরের দোয়ারপাড়ের আল আমিন এতিমখানা সড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
‘বন্দুকযুদ্ধের’ ঘটনা সম্পর্কে মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায়ের দেওয়া ভাষ্য, ঘটনাস্থলে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। দিবাগত রাতে পুলিশ সেখানে গেলে সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময় হয়। একপর্যায়ে আজিবর গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
আজিবর পৌর ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। তাঁকে গতকাল বিকেলে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়। আজিবরকে গ্রেপ্তারের খবর অস্বীকার করেন জেলা পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ।
নাম প্রকাশ না করে পুলিশের সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজার বাসস্ট্যান্ড থেকে আজিবরকে গ্রেপ্তার করে পুলিশ।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, লোকজনের জটলার মধ্য থেকে পুলিশ আজিবরকে টেনেহিঁচড়ে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়।
গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় আট মাসের অন্তঃসত্ত্বা নাজমা খাতুন (৩৫) তলপেটে গুলিবিদ্ধ হন। মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই গৃহবধূ গুলিবিদ্ধ কন্যাশিশুর জন্ম দেন। গুলি পেটের শিশুকে এফোঁড়-ওফোঁড় করে ফেলে। মা ও শিশু এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় নাজমার চাচাশ্বশুর মমিন ভুঁইয়া (৬৫) মারা যান।
ওই ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা হয়। তাঁদের মধ্যে আটজন গ্রেপ্তার করা হয়েছে। এক আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গত মঙ্গলবার তাঁকে সাত দিনের রিমান্ডে নেয়।

আরও পড়ুন: