'বন্দুকযুদ্ধে' এক রাতে ছয়জন নিহত
>*পাবনায় ‘বন্দুকযুদ্ধ’ র্যাবের সঙ্গে * ফরিদপুরে ‘ডাকাতদের দুই দলে’
পাবনার ঈশ্বরদী ও ফরিদপুরের মধুখালীতে গত বৃহস্পতিবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ ছয়জন নিহত হয়েছেন। ছয়জনই ডাকাত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ঈশ্বরদীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন চারজন। আর মধুখালীতে গুলিবিদ্ধ দুজনের লাশ উদ্ধার করে পুলিশ বলেছে, নিজেদের মধ্যে গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছেন। তবে তাঁদের একজনের পরিবারের দাবি, বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাব অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বা ক্রসফায়ারে ১০৭ জন নিহত হয়েছে।
এ বিষয়ে আসকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান লিটন প্রথম আলোকে বলেন, কয়েক বছর ধরে যেভাবে ‘ক্রসফায়ার, ‘বন্দুকযুদ্ধ’ বা গুমের সংখ্যা বাড়ছে, তাতে একটা ভয়ার্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। বিচারহীনতার কারণে কখনো গুমের সংখ্যা, কখনোবা ক্রসফায়ারের সংখ্যা বাড়ছে। সাম্প্রতিক কালে লক্ষ করা যাচ্ছে, বিরোধীদলীয় রাজনৈতিক নেতা-কর্মীরাও এর শিকার হচ্ছেন।
তিনি বলেন, মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিটি ঘটনারই বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হচ্ছে কিন্তু সরকার তাতে কর্ণপাত করছে না। অল্প সময়ে আইনশৃঙ্খলার উন্নতির জন্য দণ্ডমুক্ততার চর্চা করা হচ্ছে বলে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে।
নূর খান লিটন বলেন, জনগণ ভয়ার্ত পরিবেশের কারণে সোচ্চার হতে পারছে না। এসব ঘটনা প্রতিরোধের দায় এবং দায়িত্ব রাষ্ট্রের।
ঈশ্বরদীতে নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার তৃষ্ণামত দৌলা গ্রামের রুস্তম আলী (৩০)।
অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পাবনা র্যাব ক্যাম্পের ডিউটি অফিসার এসআই আহমেদ আলী।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে র্যাব-১২-এর অধিনায়ক শাহাবুদ্দিন খান সাংবাদিকদের বলেন, টাঙ্গাইল র্যাব ক্যাম্পের একটি টহল দল জঙ্গি তৎপরতা নিধন ও তথ্য সংগ্রহের জন্য পাবনায় অবস্থান করছিল। বৃহস্পতিবার রাত দুইটার দিকে এই দলের কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানতে পারেন, ১৫-২০ জনের একটি ডাকাত দল ঈশ্বরদীর জয়নগর ওয়াপদা গেট এলাকায় এক চালকলের চাতালে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি পাবনা র্যাবের কোম্পানি কমান্ডার বীণা রানী দাসকে জানানো হলে টাঙ্গাইল ও পাবনা র্যাব ক্যাম্পের দুটি দল সেখানে রাত তিনটার দিকে অভিযানে যায়। এ সময় দুটি ট্রাক রেখে একটিতে ডাকাতদের চালের বস্তা ওঠাতে দেখেন তাঁরা। র্যাবের উপস্থিতি টেরে পেয়ে ডাকাতেরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে তিন ডাকাত গুলিবিদ্ধ হন। অপর ডাকাতেরা ট্রাক দুটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে র্যাবের টহল দল বরইচরা পাকা রাস্তা এলাকায় খালি ট্রাকটি আটক করে। আর বরইচরা পশ্চিমপাড়ায় চালভর্তি অপর ট্রাকটির গতি রোধ করে র্যাব। এ সময় ডাকাতেরা আবারও গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হন।
পাবনায় র্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘বন্দুকযুদ্ধে’ আহত সাত ডাকাতকে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুস্তম।
পাবনা র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার বীণা রানী দাস প্রথম আলোকে বলেন, এ ঘটনায় র্যাবের পাবনা ক্যাম্পের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি চালবোঝাই ও একটি খালি ট্রাক, তিনটি আগ্নেয়াস্ত্র ও আটটি গুলি উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সরেজমিনে দেখা যায়, বরইচরা এলাকায় পাকা সড়কের পশ্চিম পাশে মসুরের খেতে গুলিবিদ্ধ তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। কিছুক্ষণ পর খেতের পশ্চিম দিক থেকে গ্রামের কয়েকজন বাসিন্দা রক্তাক্ত আরও একজনকে নিয়ে এসে আগের তিনজনের পাশে রাখেন।
ফরিদপুর: গুলিতে নিহত দুজন হলেন মধুখালী উপজেলার মেছরদিয়া গ্রামের ওহিদুল জোয়াদ্দার (২৯) এবং রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সালমারা গ্রামের কাশেম শেখ (৪০)। পুলিশের ভাষ্য, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মধুখালী উপজেলার ছকড়িকান্দি এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটা থেকে বৃহস্পতিবার রাত তিনটার দিকে তাঁদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ওহিদুল ও কাশেমকে উদ্ধারের পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত মেডিকেল কর্মকর্তা আশীষ কুমার সাহা বলেন, শুক্রবার ভোরে পুলিশ ওই দুই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। নিহত দুজন মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, আধিপত্য বিস্তার বা দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ডাকাতদের মধ্যে ওই গুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে নিহত ওহিদুলের বড় ভাই মন্টু জোয়াদ্দার বলেন, পুলিশ বৃহস্পতিবার ওহিদুলকে গ্রেপ্তার করে বলে তাঁরা জানতে পেরেছিলেন। আর গতকাল জানতে পারেন, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে কোথায় কখন ওহিদুল গ্রেপ্তার হয়েছিলেন, তা জানাতে পারেননি মন্টু।
ঘটনার প্রত্যক্ষদর্শী ছকড়িকান্দি গ্রামের দুই কৃষক জানান, রাতে তাঁরা গুলির শব্দ শুনে ঘর থেকে বের হয়ে অনেক পুলিশ দেখতে পান। পরে পুলিশ সদস্যরা তাঁদের ওই ইটভাটা এলাকায় নিয়ে যান।
রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহন শেখ বলেন, ‘গুলির শব্দ শুনে আমি বাড়ির বাইরে আসি। তখন মধুখালী থানার এসআই মনিরের সঙ্গে আমার দেখা হয়।’ তিনি জানান, নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই ডাকাত নিহত হয়েছেন।
মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন জানান, এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা করেছে পুলিশ।
অস্ত্র, ককটেলসহ ছয়জন গ্রেপ্তার: মধুখালী পুলিশ সূত্রে জানা গেছে, মধুখালী থানা রোড এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে অস্ত্র, বিস্ফোরকসহ ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মধুখালীর মধুপুর গ্রামের লুৎফর শেখ (২৪), রাজবাড়ীর ভাদু শেখ (৪৩), রাজবাড়ীর বালিয়াকান্দির রিয়াজুল (২৬), রাজবাড়ীর কালুখালীর আসলাম (২৪) ও সোহেল (২৪) এবং ফরিদপুরের আলফাডাঙ্গার রবিউল শেখ (৩৫)। তাঁদের কাছ থেকে ১টি শুটারগান, ২টি ছুরি, ১টি চায়নিজ কুড়াল, ১টি রামদা ও ১১টি ককটেল উদ্ধার করা হয়েছে। মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন বলেন, অস্ত্রধারী ওই ব্যক্তিরা ডাকাত বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।