'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত তিনটার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের নিমতলা নামক স্থানে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আক্তারুল ইসলাম ওরফে ব্রিটিশ (৩০) সদরপুর ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের শামসুল মণ্ডলের ছেলে। পুলিশের দাবি, আক্তারুল ডাকাত দলের সদস্য ছিলেন। বন্দুকযুদ্ধের স্থান থেকে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি এবং একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিনের ভাষ্যমতে, ১০-১২ জন লোক কুষ্টিয়া-মেহেরপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টা করছে—এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি কাজী জালাল উদ্দিন বলেন, আক্তারুলের বিরুদ্ধে মিরপুর থানায় খুন, ডাকাতি ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।