'বন্দুকযুদ্ধে' কথিত ডাকাত নিহত আহত আরেকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আবদুর রশিদ (২৪) নামের সন্দেহভাজন ডাকাত নিহত এবং সদর উপজেলায় খোরশেদ মিয়া (২৮) নামের আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। আটক হয়েছেন সন্দেহভাজন চার ডাকাত। গত মঙ্গলবার রাতে সোয়া ঘণ্টার ব্যবধানে ঘটনা দুটি ঘটেছে।
সরাইল থানা-পুলিশের ভাষ্যমতে, থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীমের নেতৃত্বে একদল পুলিশ সদস্য মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের ধরন্তী হাওর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় আবদুর রশিদের নেতৃত্বে সাত-আটজনের একদল ডাকাত পুলিশের গাড়ির গতিরোধ করে। গাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদের দলটি গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে ‘ডাকাতদের দলনেতা’ আবদুর রশিদ, পুলিশের এসআই আবদুল আলীম, এএসআই মহিউদ্দিন এবং পুলিশ সদস্য রবিউল আওয়াল ও মেহেদি হাসান গুরুতর আহত হন। আবদুর রশিদকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সদস্য রবিউল ও মেহেদিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি গুলিসহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বলেন, আবদুর রশিদ ডাকাতদের গুলিতেই মারা যান। তাঁর বিরুদ্ধে আগেই সরাইল থানায় তিনটি মামলা রয়েছে। আর বন্দুকযুদ্ধের ঘটনায় থানায় তিনটি মামলা হয়েছে।
সরাইলের ঘটনার সোয়া ঘণ্টার মতো পরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘটনাটি ঘটে। এতে আহত খোরশেদ মিয়া বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের বাসিন্দা। আটক চার ব্যক্তি হলেন একই উপজেলার শানু মিয়া (২৫), সরাইলের বিল্লাল মিয়া (২৮), সদরের সাত্তার মিয়া (২৬) এবং হবিগঞ্জের মাধবপুরের বাহার মিয়া (২৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, লক্ষ্মীপুর পিটিআই কলেজের একটি বাস বনভোজনের জন্য ভোররাত চারটার দিকে জেলাসদর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। কুমিল্লা-সিলেট মহাসড়কের বিরাসার মার্কাস মসজিদ-সংলগ্ন এলাকায় পৌঁছালে সেটিকে আটকায় ডাকাতদের দলটি। ঘটনার সময় আশপাশে টহলে ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ সদস্য। বাসযাত্রীদের চিৎকার শুনে ওসি গাড়ি থেকে নেমে এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়েন।
ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, এরপর পুলিশ ও ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে খোরশেদ মিয়া আহত হন। তাঁর ডান পায়ের হাঁটুর ওপরে গুলি লেগেছে। ডাকাতদের ছররা গুলিতে ওসি নিজে, এসআই প্রেমধন মজুমদার ও কনস্টেবল আবুল কালাম আহত হন। ওসি বলেন, ঘটনাস্থল থেকে তিনটি রামদা ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। আহত খোরশেদ মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।