'বন্দুকযুদ্ধে' কুষ্টিয়ার যুবলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন যুবলীগের এক নেতা। কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানী ও মাগুরায় ছাত্রলীগের বর্তমান ও সাবেক দুই নেতা পুলিশ ও র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনার মধ্যেই ঘটল এ ঘটনা।
কুষ্টিয়ায় গত সোমবার দিবাগত রাত দেড়টায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এই যুবলীগ নেতা হলেন জাকির হোসেন (৩০)। পুলিশের ভাষ্যমতে, শহরে জাতীয় শোক দিবসে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগের কর্মী সবুজ নিহত হওয়ার ঘটনায় করা মামলার আসামি জাকির।
জাকিরের পরিবারের অভিযোগ, তাঁকে ধরে নিয়ে যাওয়ার পর হত্যা করা হয়েছে। সাজানো হয়েছে ‘বন্দুকযুদ্ধের’ নাটক।
পুলিশের দাবি, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জগতি গ্রামের একটি বাগানে সবুজ হত্যা মামলার আসামিদের সঙ্গে তাদের ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, দুটি ধারালো অস্ত্র ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্যও আহত হয়েছেন।
নিহত জাকির হোসেনের বাড়ি মিরপুর উপজেলার কলবাড়িয়া গ্রামে। বাবার নাম আবদুর রাজ্জাক। মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদুর রহমান গতকাল বুধবার সকালে প্রথম আলোকে বলেন, এ ইউনিয়নের কলবাড়িয়া-আহম্মদপুর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন জাকির।
প্রত্যক্ষদর্শী এমন কয়েকজন এলাকাবাসী বলেন, সোমবার সন্ধ্যায় কলবাড়িয়ার একটি খেতে কাজ করছিলেন জাকির হোসেন। সেখান থেকে ডিবি পরিচয় দেওয়া কয়েক ব্যক্তি তাঁকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যান। এরপর গতকাল তাঁরা ‘বন্দুকযুদ্ধে’ জাকিরের নিহত হওয়ার খবর শোনেন।
তবে জেলা গোয়েন্দা পুলিশ দাবি করেছে, শোক দিবসে আওয়ামী লীগের কর্মী সবুজ হত্যা মামলার আসামিরা সদর উপজেলার জগতি গ্রামের একটি বাগানে রাতে গোপন বৈঠকে মিলিত হয়েছেন বলে তারা খবর পায়। এর ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি করে। পুলিশের দাবি, উভয় পক্ষে বন্দুকযুদ্ধ চলে প্রায় ২০ মিনিট ধরে। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজনের সহায়তায় নিহত ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জাকিরের লাশ ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশের ময়নাতদন্তকারী ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার প্রথম আলোকে বলেন, জাকিরের মাথার পেছনের দিকে ও পিঠে দুটি গুলির ছিদ্র রয়েছে।
পরিবারের ভাষ্য: জাকিরের চাচা আবদুল ওহাব সাংবাদিকদের বলেন, তিনি সোমবার সন্ধ্যা সাতটার দিকে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলকে দ্রুত চলে যেতে দেখেন এবং উচ্চ স্বরে ‘কাকা’ ডাক শোনেন। ডাকটা ছিল জাকিরের কণ্ঠে। পরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
ওহাব আরও বলেন, গভীর রাতে পরিবারের অন্য সদস্যরা গুলি ছোড়ার ১০টি শব্দ শোনেন। পরে গতকাল জানতে পারেন, জগতি এলাকায় গুলিতে জাকির মারা গেছেন। তিনি বলেন, ‘জাকির অপরাধী হয়ে থাকলে তাঁর বিচার হোক, শাস্তি পাক কোনো আপত্তি নাই। কিন্তু এভাবে ধরে নিয়ে মেরে ফেলা হলো। এটা অপরাধ না?’
এ ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, ‘পরিবার থেকে অভিযোগ করতেই পারে। তবে তার কোনো সত্যতা নাই। এটা ভুয়া অভিযোগ।’
রাজধানীর হাজারীবাগে গত মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা যান হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া (২৮)। রাজা মিয়া (১৬) নামে এক কিশোরকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যার প্রধান আসামি ছিলেন তিনি। আর মাগুরায় সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ছাত্রলীগের সাবেক নেতা মেহেদী হাসান ওরফে আজিবর শেখ (৩৪)। সম্প্রতি এই জেলায় ছাত্রলীগের গোলাগুলিতে মায়ের জঠরে শিশু গুলিবিদ্ধ ও একজন বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় করা মামলার তিন নম্বর আসামি ছিলেন তিনি।