'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ বিএনপির কর্মী গ্রেপ্তার
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ অবস্থায় আক্তার ফারুক (২৭) নামের বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের কাতপুর বিল এলাকায় এ ঘটনা ঘটে।
কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ওলিয়ার রহমান বলেন, গ্রেপ্তার হওয়া আক্তার ফারুক বিএনপির একজন কর্মী। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের ভাষ্য, কাতপুর বিলে একদল সন্ত্রাসী গোপন বৈঠক করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল রাত সাড়ে আটটার দিকে ওই এলাকায় যায়। হঠাৎ সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। আধা ঘণ্টা গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি পাইপগান ও তিনটি গুলি উদ্ধার করা হয়।
ওসির দাবি, আক্তার ফারুক একটি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত। এ ছাড়া তিনি ১৬টি মামলার আসামি।
তবে গ্রেপ্তার আক্তার ফারুকের বাবা আশরাফুল হক সরদারের দাবি, তাঁর ছেলেকে বাড়ির সামনে থেকে গতকাল রাত আটটার দিকে পুলিশ ধরে নিয়ে যায়। পরে কাতপুর বিলের সামনে নিয়ে গিয়ে তাঁর পায়ে পুলিশ গুলি করেছে। মামলার ব্যাপারে তিনি বলেন, তাঁর ছেলের নামে রাজনৈতিকভাবে কয়েকটি মামলা রয়েছে।