'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ১
লক্ষ্মীপুর সদর উপজেলায় ডাকাত দলের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ মো. সুমন (২৮) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে চন্দ্রগঞ্জ থানায় উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এতে আটক তিনজনসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়। ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলাটি করা হয়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চন্দ্রগঞ্জের বিনোদপুর গ্রামে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। গোলাগুলিতে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ও কনস্টেবল মোক্তার হোসেন আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, গুলিবিদ্ধ সুমন কংশনারায়ণপুর গ্রামের চৌকিদার বাড়ির সিরাজ মিয়ার ছেলে। এর আগে একবার পুলিশের হাতে অস্ত্রসহ আটকের পর গোলাগুলিতে বাঁ পা হারায় সুমন। এবার ডান পায়েও গুলিবিদ্ধ হন তিনি। তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় পুলিশ গুলিবিদ্ধ সুমন, সহযোগী কামরুল হাসান ও সিএনজিচালিত অটোরিকশার চালক মো. সেলিমকে আটক করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, রাতে বিনোদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছিল। এ সময় দত্তপাড়া ফাঁড়ির টইল পুলিশ ওই এলাকায় পৌঁছালে ডাকাত দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে সুমন গুলিবিদ্ধ হন। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। এর আগে পুলিশের হাতে অস্ত্রসহ আটকের পর গোলাগুলিতে বাঁ পা হারান সুমন। এবার অন্য পায়েও গুলিবিদ্ধ হন তিনি।