'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ২, আহত ৬ পুলিশ সদস্য

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ডাকাত দলের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে আহত হয়েছেন পুলিশের ছয় সদস্য। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলার নন্দনপুর এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজন হলেন বাজরা গ্রামের রাজা মিয়ার ছেলে মহসীন মিয়া (৩৫) এবং একই গ্রামের জলিল মিয়ার ছেলে রিপন মিয়া (২১)। পুলিশের ভাষ্য, এই দুজন ডাকাত দলের সদস্য। প্রথমে দুজনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে পুলিশের আহত সদস্যরা হলেন কুমিল্লা গোয়েন্দা পুলিশ শাখার (ডিবি) পরিদর্শক নাসির উদ্দিন মৃধা, পুলিশের পরিদর্শক ফিরোজ হোসেন, উপরিদর্শক (এসআই) শাহ কামাল আখন্দ, শহিদুল ইসলাম, নন্দন সরকার ও কনস্টেবল কামাল হোসেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুমিল্লার সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নন্দনপুর এলাকায় গোমতী নদীতে পণ্যবাহী ট্রলার, নৌকা ও জাহাজে চাঁদাবাজি এবং ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি কাটা রাইফেল, তিনটি বড় ছুরি, একটি রামদা, একটি কাস্তে, বন্দুকের দুটি গুলি এবং অস্ত্র লুকিয়ে রাখার বাক্স উদ্ধার করা হয়েছে।