'বন্দুকযুদ্ধে' চট্টগ্রাম ও সাতক্ষীরায় দুজন গুলিবিদ্ধ
চট্টগ্রাম নগরে ও সাতক্ষীরার দেবহাটায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন আহত হয়েছে। পুলিশ তাদের সন্ত্রাসীর সহযোগী ও ছিনতাইকারী বলে দাবি করেছে। গ্রেপ্তারের পর দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রাম নগরের অনন্যা আবাসিক এলাকায় গতকাল রোববার ভোরে সন্ত্রাসীদের সঙ্গে তাদের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে সালাহ উদ্দিন নামে একজন গুলিবিদ্ধ হয়। বায়েজিদ থানার পুলিশের ভাষ্য, সালাহ উদ্দিন কারাগারে আটক শিবিরের সন্ত্রাসী সরোয়ার হোসেন ও নূরনবী ম্যাক্সনের সহযোগী। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, সৌদিপ্রবাসী জনৈক জাকির হোসেনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ পেয়ে অভিযান চালালে সন্ত্রাসীদের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার রাতে সালাহ উদ্দিনসহ তিন ব্যক্তি জাকির হোসেনের বাড়িতে চাঁদার জন্য গিয়েছিল। পরে ভিডিও ফুটেজ থেকে আমরা তাঁদের শনাক্ত করি।’ ওসি বলেন, জাকিরের কাছে চাঁদা দাবি করা ব্যক্তিরা অনন্যা আবাসিক এলাকায় অবস্থান করছে—এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালাতে গেলে সালাহ উদ্দিন ও তার সঙ্গীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ওসি বলেন, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র, দুটি চাপাতি ও একটি কিরিচ উদ্ধার করে।
গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত সালাহ উদ্দিনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়। তবে তিনি এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।
চাঁদা দাবির শিকার দাবি করা অক্সিজেন নয়াহাট এলাকার বাসিন্দা জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘১৬ জুন থেকে একজন সন্ত্রাসী মুঠোফোনে আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ওই ব্যক্তি নিজেকে সরোয়ার বলে পরিচয় দিত। গত শুক্রবার রাত নয়টায় তিনজন সন্ত্রাসী আমার বাড়িতে হানা দেয়। একজন বাইরে মোটরসাইকেলের ওপর বসে ছিল। অন্য দুজনের হাতে দুটি অস্ত্র ছিল। তারা বাড়িতে ঢুকে ভাঙচুর করে চলে যায়। যাওয়ার সময় বলে যায় টাকার জন্য আবার আসবে। এরপর আমি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধারণ করা সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ পুলিশকে দিই।’
অন্যদিকে সাতক্ষীরার দেবহাটায় ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩৮)। তিনি কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামের আবদুল মজিদ সরদারের ছেলে।
সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ‘দেবহাটার পুলিশ শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে খবর পায় যে মোটরসাইকেল ছিনতাইকারী দলের কয়েকজন সদস্য একটি মোটরসাইকেল করে কুলিয়া থেকে পূর্ব কুলিয়ার দিকে আসছে। এ খবরের ভিত্তিতে পুলিশ কুলিয়া খালপাড়ে অবস্থান নেয়। রাত সোয়া তিনটার দিকে তিন ব্যক্তিকে একটি মোটরসাইকেলে করে যেতে দেখে তাদের থামতে সংকেত দেওয়া হয়।’ এসআই কামাল হোসেন দাবি করেন, ‘এ সময় ওই ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায় ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। ১০-১২ মিনিট গুলি বিনিময়ের পর ছিনতাইকারী দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।’ পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বন্দুকযুদ্ধে দুজন পুলিশ কনস্টেবলও আহত হন।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক বিশ্বজিৎ মন্ডল জানান, আলমগীরের বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তবে তিনি শঙ্কামুক্ত।
চিকিৎসাধীন আলমগীরের ভাষ্য, তিনি কালীগঞ্জের উজিরপুরের বাড়ি থেকে গতকাল সাতক্ষীরায় আসছিলেন। পথে বেলা একটার দিকে একজনের সঙ্গে দেখা করার জন্য কুলিয়ায় সেতুর পাশে অপেক্ষা করছিলেন। সেখান থেকে পুলিশ তাঁকে আটক করে। পরে রাতে তাঁকে পুলিশ পায়ে গুলি করে হাসপাতালে নিয়ে আসে।
এসআই কামাল হোসেন জানান, আলমগীরের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় দুটি চুরির মামলাসহ জেলার অন্যান্য থানায় আরও কয়েকটি মামলা রয়েছে। শনিবার রাতের ঘটনায় আলমগীরসহ অজ্ঞাত দু-তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।