'বন্দুকযুদ্ধে' ছাত্রদল নেতা নিহত, ৪৮ ঘণ্টার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মতিউর রহমান নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে রবি ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা বিএনপি। আজ শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

মতিউর (২২) শ্যামপুরের বাজিতপুর গ্রামের অনুসাক আলী ওরফে মন্টু মিয়ার ছেলে। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুকের ভাষ্য, মতিউর শ্যামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন। র্যাবের দাবি, মতিউর জামায়াতের কর্মী।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামানের দাবি, গতকাল বৃহস্পতিবার বিকেলে মতিউরকে দুই সহযোগী হযরত আলী (১৮) ও শ্যামলসহ (১৮) আটক করে র‍্যাব। মতিউরের দেওয়া তথ্য অনুযায়ী ভোররাত তিনটার দিকে তাঁকে নিয়ে কানসাট এলাকায় অস্ত্র উদ্ধারে যায় র‍্যাব। এ সময় র‍্যাবের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। একপর্যায়ে মতিউর পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।

কামরুজ্জামানের দাবি, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার, দুটি এলজি বন্দুক, দুটি ওয়ান শাটারগান, পাঁচটি গুলি, ১৭টি ককটেল ও ১০টি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে।

মতিউরের চাচা মজিবুর রহমানের দেওয়া তথ্যমতে, ‘গতকাল বিকেলে মতিউরকে ধরে নিয়ে যায় যৌথবাহিনী। আজ সকালে পুলিশের পক্ষ থেকে পরিবারকে ফোনে জানানো হয়, মতিউরের লাশ থানায় রাখা হয়েছে। এর বেশি কিছু জানি না।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান মিঞার ভাষ্য, এটা কোনো ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা নয়। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছে র‍্যাব।

শাহজাহান মিঞা জানান, মতিউরকে হত্যা ও যৌথ অভিযানের নামে বাড়িঘরে ভাঙচুর চালানো ও অগ্নিসংযোগের প্রতিবাদে আগামী রবি ও সোমবার জেলায় টানা ৪৮ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে।