'বন্দুকযুদ্ধে' জামায়াত কর্মী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঘোনাপাড়া গ্রামে গত শুক্রবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াতের কর্মী রুহুল আমিন গাজী (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর বাড়ি দেবহাটার গরানবাড়িয়া গ্রামে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনের ভাষ্য, দেবহাটা থানার পুলিশ শুক্রবার রাত দেড়টার দিকে টহল দেওয়ার সময় খবর পায় ঘোনাপাড়া এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নাশকতা ও সহিংসতা চালানোর পরিকল্পনা করছে। পরে এসআই শেখ মেসবাহ উদ্দিনের নেতৃত্বে পুলিশ রাত তিনটার দিকে ওই এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ও বোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলি চালায়। ১২ থেকে ১৪ মিনিট গুলিবিনিময়ের পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াত কর্মী রুহুল আমীন গাজীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রুহুল আমিন গাজীর স্ত্রী আনোয়ারা খাতুনের ভাষ্য, তাঁর স্বামীকে গরানবাড়িয়া গ্রামের বাড়ি থেকে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পুলিশ ধরে নিয়ে যায়। গতকাল সকালে তিনি জানতে পারেন, তাঁর স্বামী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তিনি জানান, তাঁর স্বামী জামায়াতের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে হত্যা, পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে আটটি ষড়যন্ত্রমূলক মামলা রয়েছে।
পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল বলেন, রুহুল আমিন আওয়ামী লীগ নেতা রায়হান হত্যা মামলার সন্দেহভাজন আসামি ও শ্রমিক লীগ নেতা আলমগীর হত্যা অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগে আরও কয়েকটি মামলা রয়েছে।
­জেলা জামায়াতের প্রচার সম্পাদক আবদুল আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গুলিবিদ্ধ রুহুল আমিনকে জামায়াতের কর্মী উল্লেখ করে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।