'বন্দুকযুদ্ধে' জেএমবির আরেক জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির আরেক জঙ্গি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে খিলগাঁওয়ে এই বন্দুকযুদ্ধ হয়। এতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ‘কমান্ডার’ পিয়াস (৩৫) নিহত হন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ প্রথম আলোকে বলেন, এই পিয়াস গত বছর সেপ্টেম্বরে চট্টগ্রামে এক ছিনতাইয়ের ঘটনায় নিজেদের বোমায় আহত হয়েছিলেন। এরপর গোপনে চিকিৎসা নেন। সুস্থ হয়ে তিনি জেএমবির ঢাকা অঞ্চলের সামরিক কমান্ডার হিসেবে কাজ করছিলেন।
এ নিয়ে গত সাড়ে তিন মাসে ঢাকায় জেএমবির চার জঙ্গি বন্দুকযুদ্ধে নিহত হলো। গত ২৫ নভেম্বর গাবতলীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন জেএমবির কমান্ডার শাহাদাত ওরফে মাহফুজ ওরফে হোজ্জা। তারপর ১৩ জানুয়ারি রাতে হাজারীবাগে ডিবির সঙ্গে আরেক বন্দুকযুদ্ধে নিহত হন জেএমবির দুই ‘কমান্ডার’ হীরন ওরফে কামাল ও আবদুল্লাহ ওরফে নোমান। এই তিনজনই গাবতলী ও আশুলিয়ায় পুলিশ সদস্য হত্যায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া গত ২৮ ডিসেম্বর রাতে গাজীপুরে র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়। তাদের পরিচয় না মিললেও র্যা ব বলেছে, দুজনই জেএমবির সদস্য।
সর্বশেষ বন্দুকযুদ্ধের ঘটনা সম্পর্কে ডিবির ভাষ্য হলো, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খিলগাঁও খিদমাহ হাসপাতাল-সংলগ্ন রেললাইন এলাকায় জঙ্গিরা বৈঠক করছে বলে খবর পেয়ে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় জঙ্গিরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে পিয়াস নামের ওই যুবক গুলিবিদ্ধ হন। তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও তিনটি বোমা উদ্ধার করে ডিবি।
ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর মাথায়, বুকে ও পাঁজরে গুলির চিহ্ন আছে। লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে রাখা আছে।
এদিকে চট্টগ্রামের ডিবির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পিয়াস জেএমবির চট্টগ্রাম অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতা ফারদিনের ঘনিষ্ঠ সহচর ছিলেন। গত বছরের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামের সদরঘাটে ছিনতাই করতে গিয়ে বোমা বিস্ফোরণে জেএমবির দুই সদস্য এবং জেএমবি সদস্যদের গুলিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নিহত হন। ওই ঘটনায় আহত ফারদিন ও পিয়াস পালিয়ে যান। পরে ৫ অক্টোবর কর্ণফুলী থানার খোয়াজনগর থেকে জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ফারদিন ও পিয়াসের ব্যাপারে তথ্য পান বলে ওই কর্মকর্তা জানান।
তবে কর্ণফুলী থানায় করা অস্ত্র ও ছিনতাই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সন্তোষ চাকমা প্রথম আলোকে বলেন, ঢাকায় নিহত পিয়াস আর চট্টগ্রামে ছিনতাইয়ে অংশ নেওয়া পিয়াস একই ব্যক্তি কি না, তা তিনি নিশ্চিত নন। কারণ এ বিষয়ে তাঁদের সঙ্গে ঢাকা থেকে কেউ যোগাযোগ করেননি।