'বন্দুকযুদ্ধে' ডাকাতসর্দার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এলাকায় দ্বীন দত্ত সেতুর কাছে গতকাল রোববার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিয়ারুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের অভিযোগ, মিয়ারুল আন্তজেলা ডাকাত দল তালেব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তবে তাঁর পরিবারের দাবি, গ্রাম্য ষড়যন্ত্রের শিকার হয়ে তাঁকে মরতে হলো।
মিয়ারুলের (৪৫) বাড়ি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নূরপুর গ্রামে। গতকালই তাঁর লাশ ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমানের ভাষ্যমতে, মিয়ারুল আন্তজেলা ডাকাত দল তালেব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তাঁর বিরুদ্ধে ডাকাতি, বিস্ফোরণ, চাঁদাবাজিসহ ১০টি মামলা ছিল। গত শনিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ। মিয়ারুলের স্বীকারোক্তি অনুযায়ী দিবাগত রাতে পুলিশের একটি দল তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয়। রাজনগরের দ্বীন দত্ত সেতু পার হওয়ার সময় সেখানে ওত পেতে থাকা মিয়ারুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন ও বোমা নিক্ষেপ করেন। পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালান। বন্দুকযুদ্ধের একপর্যায়ে মিয়ারুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে মারা যান। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আউলিয়ার রহমান জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশের কয়েকজন সদস্য একটি লাশ নিয়ে হাসপাতালে আসেন। লাশের বুকে গুলির জখম ছিল।
মেহেরপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হক জানান, সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে আট-দশটি বোমা ও গুলি ছোড়েন। বোমার স্প্লিন্টারে তিনিসহ চার পুলিশ সদস্য আহত হন। আহত অন্য সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) আহসান উল্লাহ, এএসআই অর্জুন কুমার ও কনস্টেবল আবদুর রাজ্জাক। ওই অবস্থাতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, তিনটি বোমা, চারটি কার্তুজ উদ্ধার করা হয়। আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন।
নিহত মিয়ারুলের স্ত্রী ফাহিমা খাতুন (৩৫) জানান, তাঁর স্বামী চুরির মামলায় দুই বছর কারাগারে ছিলেন। আট থেকে নয় মাস আগে জামিনে মুক্তি পেয়ে তিনি মাছ বিক্রি ও চাষাবাদ করতেন। গ্রামে মারামারির ঘটনায় বোমা ফাটলে একটি মহল মামলায় মিয়ারুলকে জড়িয়ে দেয়। পুলিশ শনিবার সকালে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ বলেছিল, তাঁকে আজ (রোববার) আদালতে পাঠানো হবে। কিন্তু তাঁকে লাশ হয়ে বাড়ি ফিরতে হলো।
ঘটনাস্থল দ্বীন দত্ত সেতুর কাছে একটি মৎস্য বিলের নিরাপত্তাকর্মী জিন্নাত আলী জানান, তিনি রাত তিনটার দিকে চার-পাঁচটি গুলির শব্দ শুনেছেন। কোনো বোমার আওয়াজ পাননি। পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) সামসুল আলম জানান, নিহত মিয়ারুল গ্রামে ডাকাত বলে পরিচিত ছিলেন।