'বন্দুকযুদ্ধে' তিন পুলিশ কর্মকর্তা ও দুই ডাকাত গুলিবিদ্ধ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং সেগুনবাগান এলাকায় গতকাল রোববার ভোর চারটার দিকে পুলিশ ও ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিন কর্মকর্তা ও দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ জানিয়েছে, গত শনিবার রাত সাড়ে ১১টার সময় খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকার সুলতান আহমদের ছেলে ডাকাত সালাহ উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করা হয়। সালাহ উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে নিয়ে গতকাল ভোর চারটার দিকে চকরিয়া-লামা সড়কের ফাঁসিয়াখালীর রিংভং সেগুনবাগান এলাকায় ডাকাত দলের আস্তানায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলিবর্ষণ করলে পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষ অন্তত ৬০টি গুলি ছোড়ে।
একপর্যায়ে ডাকাত দল পিছু হটে জঙ্গলে আত্মগোপন করে। এ সময় খুটাখালীর ৬ নম্বর ওয়ার্ডের জাফর আহমদের ছেলে ডাকাত বশির আহমদকে (৩৫) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। বন্দুকযুদ্ধের সময় পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাত সালাহ উদ্দিনও গুলিবিদ্ধ হন। তাঁকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।