'বন্দুকযুদ্ধে' তিন মানব পাচারকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মানব পাচারে জড়িত তিন ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, গতকাল শুক্রবার ভোরে উপজেলার মহেশখালীয়াপাড়া সৈকত দিয়ে কিছু লোককে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে এ বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি এলজি, তিনটি গুলি ও ১০টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত তিনজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী। তাঁরা হলেন: টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার ধলু হোসেন ওরফে ধলু মাঝি (৫৩), একই ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৩০) ও হারিয়াখালী গ্রামের মো. জাফর আলম (২৫)। এর মধ্যে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর ধলু হোসেন গ্রেপ্তার হন। গত ২০ এপ্রিল জামিনে কারাগার থেকে মুক্তি পান তিনি। বাকি দুজন পলাতক ছিলেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, টেকনাফ থানায় ধলু হোসেনের বিরুদ্ধে নয়টি, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আটটি ও জাফর আলমের বিরুদ্ধে দুটি মানব পাচারের মামলা রয়েছে। এর মধ্যে ধলু হোসেনের নামে টেকনাফ উপকূলে জলদস্যু বাহিনী রয়েছে।
‘বন্দুকযুদ্ধে’ মানব পাচারকারী নিহত হওয়ার ঘটনা টেকনাফে এটিই প্রথম। ২০১৪ সালের মার্চ থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১১ মাসে টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিক ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আটজন ইয়াবা ব্যবসায়ী নিহত হন।
গতকালের বন্দুকযুদ্ধের বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ প্রথম আলোকে জানান, মালয়েশিয়ায় পাচারের জন্য কিছু লোককে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে টেকনাফের মহেশখালীয়াপাড়া সমুদ্রসৈকতে জড়ো করা হয়। শীর্ষ মানব পাচারকারী ও জলদস্যু বাহিনীর প্রধান ধলু হোসেন ওই লোকদের সেখানে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে টেকনাফ মডেল থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। আধা ঘণ্টা পর মানব পাচারকারীরা সমুদ্রে ঝাঁপ দিয়ে পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়েন ধলু হোসেন, জাফর আলম ও জাহাঙ্গীর আলম। তিনজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্দুকযুদ্ধের ঘটনায় আহত হয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার, পরিদর্শক (তদন্ত) কবির হোসেন, উপপরিদর্শক (এসআই) আবুল কালাম ও কনস্টেবল আবদুল বারী। তাঁরা টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুরে আলম দীন জানান, নিহত তিনজনের বুক ও পিঠে একাধিক গুলির চিহ্ন রয়েছে। চার পুলিশ সদস্য ছররা গুলিতে আহত হয়েছেন। তাঁরা হাত-পা ও বুকে আঘাত পেয়েছেন।
নিহত ধলু হোসেনের ছেলে মোহাম্মদ ছোটন বলেন, ‘বাবার (ধলু হোসেন) বিরুদ্ধে থানায় মানব পাচার ও ডাকাতির বহু মামলা আছে। একসময় বাবা বিএনপির সঙ্গে থাকলেও এখন আওয়ামী লীগের সমর্থক।’ তিনি জানান, টেকনাফের সাংসদের সঙ্গেও তাঁর বাবার একসময় ভালো সম্পর্ক ছিল। উল্লেখ্য, টেকনাফের সাংসদ আবদুর রহমান বদি।
২০১৪ সালের ডিসেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ড, মালয়েশিয়া, মিয়ানমার ও বাংলাদেশের ২৪১ দালালের নিয়ন্ত্রণে চলছে কক্সবাজার সমুদ্র উপকূল দিয়ে মানব পাচার। ২০১৪ সালে এই দালাল চক্র দেশের ৪০ জেলার ৬০টি স্থান দিয়ে প্রায় ২০ হাজার মানুষকে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচার করেছে। টেকনাফকেন্দ্রিক ২৬ জনের একটি হুন্ডি চক্র মানব পাচার ও ইয়াবা চোরাচালানের টাকা লেনদেন করছে।