মেহেরপুরে গত রোববার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রমজান শেখ (৪২) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। অপরদিকে সুন্দরবনে গতকাল সোমবার র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন দস্যু বাহিনীর প্রধানসহ দুজন। মেহেরপুরের ঘটনায় একটি ও সুন্দরবনের ঘটনায় ১৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে শহরের বন্দর শ্মশানঘাট এলাকায় রোববার দিবাগত রাত দুইটার দিকে। নিহত রমজান শেখ সদর উপজেলার রাজনগর গ্রামের মৃত আমির শেখের ছেলে। পুলিশ বলছে, রমজান শেখ জামায়াতের কর্মী। তবে পরিবার ও বিএনপির দাবি, রমজান বিএনপির সক্রিয় নেতা ছিলেন।
মেহেরপুর সদর থানা-পুলিশের ভাষ্যমতে, রোববার রাত সাড়ে নয়টার দিকে রমজানকে গ্রামের বাড়ি থেকে আটক করা হয়। পরে তাঁকে সঙ্গে নিয়ে অভিযান শুরু হয়। রাত ২টা ১০ মিনিটের দিকে বন্দরের শ্মশানঘাট এলাকায় পৌঁছালে রমজানের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। তখন রমজান দৌড়ে পালিয়ে যান। কিছুক্ষণ পর তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি আহসান হাবীব গতকাল দুপুরে বলেন, ঘটনাস্থল থেকে একটি এলজি শাটারগান ও দুটি গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রমজান জামায়াতের কর্মী। নাশকতাসহ বিভিন্ন অভিযোগে রমজানের নামে থানায় সাতটি মামলা রয়েছে। রমজানের স্ত্রী শরিফা বেগম সাংবাদিকদের কাছে দাবি করেন, রমজান বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। পুলিশ শনিবার সকালে তাঁকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর-১ (সদর) আসনের সাবেক সাংসদ মাসুদ অরুণ বলেন, রমজান পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি এখন কোনো আন্দোলনে নেই। তারপরও পুলিশ তাঁকে ধরে নিয়ে ঠান্ডা মাথায় খুন করেছে।
এদিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ওড়াবুনিয়ার খালে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে গতকাল সকালে। নিহত দুজন হলেন মনির খলিফা (৩৫) ও নুর মোহাম্মদ ওরফে ভোলা (৪০)।
র্যাব-৮-এর অধিনায়ক লে কর্নেল ফরিদুল আলমের ভাষ্যমতে, র্যাবের একটি দল চাঁদপাই রেঞ্জের শ্যালা নদী-সংলগ্ন ওড়াবুনিয়ার খালে গতকাল সকাল সাতটার দিকে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় আগে থেকে সেখানে থাকা বনদস্যু মনির বাহিনীর সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে তল্লাশি চালিয়ে দুজনের লাশ পাওয়া যায়। স্থানীয় জেলেরা লাশ দুটি বনদস্যু মনির বাহিনীর প্রধান মনির খলিফার (৩৫) ও ফেরাউন বেল্লাল বাহিনীর দ্বিতীয় প্রধান নুর মোহাম্মদ ওরফে ভোলার (৪০) বলে শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মনিরের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ এলাকায়। নুর মোহাম্মদের বাড়ির ঠিকানা জানা যায়নি।
র্যাব বলেছে, ঘটনাস্থল থেকে পাঁচটি একনলা বন্দুক, চারটি কাটারাইফেল, সাতটি ওয়ানশুটার ও একটি দোনলা বন্দুকসহ ১৮টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি মুঠোফোন ও সিমকার্ডসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। নিহত মনিরের বিরুদ্ধে শরণখোলা ও মংলা থানায় অস্ত্র এবং ডাকাতির একাধিক মামলা রয়েছে। লাশ দুটি মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।