'বন্দুকযুদ্ধে' দুই মাসে ১৯ 'জঙ্গি' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোলাকিয়ায় হামলার সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে আহত জঙ্গি শফিউল ইসলাম ওরফে আবু মোকাদ্দেলকে গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর রাত ১১টা ২২ মিনিটে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো খুদে বার্তায় বলা হয়, ময়মনসিংহের নান্দাইলের ডারীবান্ধী এলাকায় শফিউলকে র্যাবের কাছ থেকে ছিনিয়ে নিতে জঙ্গিরা বোমা ও গুলি ছোড়ে। এ সময় জঙ্গিদের সঙ্গে র্যাবের ‘বন্দুকযুদ্ধ’ চলাকালে শফিউলসহ দুজন আহত হন এবং পরে মারা যান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জঙ্গি নিহত হওয়ার এটি সর্বশেষ ঘটনা। ৬ জুন থেকে এ মাসের ৫ তারিখ পর্যন্ত দুই মাসে এ ধরনের বন্দুকযুদ্ধ বা গুলিবিনিময়ের ঘটনায় ১৯ সন্দেহভাজন জঙ্গি নিহত হলো।

পুলিশের সাবেক মহাপরিদর্শক, মানবাধিকারকর্মী ও জঙ্গিবিষয়ক বিশ্লেষকেরা বলছেন, বন্দুকযুদ্ধে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা গেলে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেত। জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে তারা সহায়ক হতে পারত।
অভিধানে বন্দুকযুদ্ধের সংজ্ঞা হচ্ছে দুটি পক্ষের পরস্পরের দিকে গুলি ছোড়া। আর ক্রসফায়ার হচ্ছে দুটি পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে হতাহত হওয়া। কিন্তু বাংলাদেশে প্রচলিত ধারণায় ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধ শব্দ দুটিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যার সমার্থক হিসেবেই ধরা যায়।
অবশ্য দেশে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ নতুন নয়। ব্যাপকভাবে এর চর্চা শুরু হয় ২০০৪ সালে বিএনপি সরকারের আমলে। তখন থেকেই এটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলো এর প্রতিবাদ জানিয়ে আসছে।

>
‘হেফাজতে মারা যাওয়া গ্রহণযোগ্য নয়। জঙ্গি শফিউল বেঁচে থাকলে তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র হতে পারত। জঙ্গি হামলার পরিকল্পনাকারীদের খুঁজে বের করা যেত।’

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক মুহা. নূরুল হুদা বলেন, ‘সর্বশেষ নিহত শফিউল একটা গুরুত্বপূর্ণ সূত্র ছিল। যেহেতু সে ঘটনায় সরাসরি অংশ নিয়ে ধরা পড়েছে, তাই ঘটনা উদ্ঘাটনের জন্য তার কাছ থেকে জবানবন্দি নিয়ে থাকলে সেটা মামলার তদন্তে কাজে লাগবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জঙ্গি ধরে বাস্তবে খুব বেশি তথ্য মিলছে না। কারাগারে পাঠানো হলে পরে তারা জামিনে বেরিয়ে আবার নাশকতায় যুক্ত হয়।

যোগাযোগ করা হলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক প্রথম আলোকে বলেন, ‘হেফাজতে মারা যাওয়া গ্রহণযোগ্য নয়। জঙ্গি শফিউল বেঁচে থাকলে তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র হতে পারত। মামলার তদন্তেও অগ্রগতি হতো। জঙ্গি হামলার পরিকল্পনাকারীদের খুঁজে বের করা যেত।’ তিনি বলেন, ‘আমি ঢাকার বাইরে আছি, ফিরে এ ব্যাপারে তদন্ত করে আরও বিস্তারিত বলতে পারব।’

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাব অনুযায়ী, বিএনপির নেতৃত্বাধীন তৎকালীন চারদলীয় জোট সরকারের শেষ তিন বছরে কথিত ক্রসফায়ারে ৭৪৬ জন সন্দেহভাজন অপরাধী নিহত হয়। তখন বিএনপির নেতা-মন্ত্রীরা এর পক্ষে আর আওয়ামী লীগের নেতারা এর বিপক্ষে কথা বলতেন। এখন পরিস্থিতি উল্টে গেছে।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের সময় আওয়ামী লীগের ইশতেহারে ‘বিচারবহির্ভূত হত্যা’র প্রসঙ্গটি উল্লেখই ছিল না। ২০০৮ সালের নির্বাচনের সময় দেওয়া ইশতেহারে ‘বিচারবহির্ভূত হত্যা’ বন্ধ করার প্রতিশ্রুতি ছিল।

জঙ্গিবিষয়ক বিশ্লে­ষক এবং আসকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান বলেন, ধরা পড়া জঙ্গিদের কাছ থেকে জাতি ও রাষ্ট্র অনেক তথ্য পেতে পারত। এরা বেঁচে থাকলে বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার করা জঙ্গিদের মুখোমুখি করে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করে তথ্যভান্ডার করা যেত। এখন এই সম্ভাবনাটুকও হারিয়ে গেছে।
আসকের হিসাব অনুযায়ী, ২০১৪ সালে ১২৮ জন, ২০১৫ সালে ১৪৬ জন কথিত বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারে নিহত হয়। আর চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ৬২ জন নিহত হয়। তাদের মধ্যে ১৩ জন গ্রেপ্তারের পর হেফাজতে থাকা অবস্থায় নিহত হয়।

তবে ধর্মের নামে জঙ্গি তৎপরতায় সন্দেহভাজন লোকদের ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার ঘটনা শুরু হয় গত বছরের ২৪ নভেম্বর। ওই দিন রাতে ঢাকায় কথিত বন্দুকযুদ্ধে এক জেএমবি সদস্য, এরপর ১৩ জানুয়ারি আরও দুই জেএমবি সদস্য নিহত হন। পুলিশের দাবি, তাঁরা সবাই পুলিশ হত্যা এবং গত অক্টোবরে হোসেনি দালানে বোমা হামলায় জড়িত ছিলেন।
গত ৫ জুন চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যার পর পুলিশ জঙ্গিদের ধরতে বেশ তৎপর হয়। শুরু হয় জঙ্গিবিরোধী বিশেষ অভিযান। বেড়ে যায় কথিত বন্দুকযুদ্ধের ঘটনাও। গত জুনে কথিত বন্দুকযুদ্ধে নিহত নয়জনের মধ্যে সাতজন সন্দেহভাজন জঙ্গি বলে পুলিশ জানিয়েছে।
২৬ জুলাই সকালে পুলিশ কল্যাণপুরে ৫ নম্বর সড়কের একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান চালায়। এই অভিযানে জঙ্গিদের সঙ্গে পুলিশের ‘গুলিবিনিময়ে’ নয়জন জঙ্গি নিহত হয়।
গত সোমবার (১ আগস্ট) দিবাগত রাতে রাজশাহীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার আসামি নজরুল ওরফে হাসান ওরফে বাইক হাসান।

জুনে মাদারীপুরে কলেজশিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়েন হিযবুত তাহ্রীরের সদস্য ফাহিম (১৯)। ১০ দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার প্রথম দিন ১৮ জুন সকালে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তিনি। পরদিন ঢাকার খিলগাঁওয়ে ডিবি পুলিশের সঙ্গে একই রকম বন্দুকযুদ্ধে নিহত হন শরিফুল ওরফে সাকিব। তাঁকে ধরতে গত ১৯ মে পুরস্কার ঘোষণা করে পুলিশ গণমাধ্যমে তাঁর ছবি প্রকাশ করেছিল। পুলিশ দাবি করছে, নিহত শরিফ লেখক অভিজিৎ রায়সহ অন্তত সাতটি হত্যা ও হামলার ঘটনায় জড়িত। তিনি নিষিদ্ধঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক ও আইটি শাখার প্রধান ছিলেন।

৬ জুন রাজশাহীর গোদাগাড়ীতে জামাল উদ্দিন, ৭ জুন রাজধানীর কালশীতে তারেক হোসেন মিলু ওরফে ইলিয়াস ও সুলতান মাহমুদ ওরফে রানা, বগুড়ায় মিজানুর রহমান ওরফে কাউসার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পুলিশের দাবি, জামাল উদ্দিন গত বছরের ডিসেম্বরে বাগমারার শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনায়, ইলিয়াস অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা, সুলতান মাহমুদ বাগমারা শিয়া মসজিদে গুলির ঘটনায় এবং মিজানুর গত বছরের নভেম্বরে বগুড়ার শিয়া মসজিদে হামলায় অংশ নিয়েছিলেন। এ ছাড়া ৮ জুন গাইবান্ধায় একইভাবে নিহত জেএমবি সদস্যের পরিচয় জানা যায়নি।

এর আগে ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে পুলিশ সদস্যকে হত্যা করে প্রিজন ভ্যান থেকে জেএমবির মজলিসে শুরার সদস্য সালাহউদ্দিন ওরফে সালেহীন (৩৮), হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসান (৩৫) ও জাহিদুল ইসলাম ওরফে মিজান ওরফে বোমা মিজানকে (৩৫) ছিনিয়ে নিয়ে যান সহযোগীরা। পালানোর কয়েক ঘণ্টা পরেই পুলিশের হাতে ধরা পড়েন অন্যতম জঙ্গিনেতা হাফেজ মাহমুদ। ধরা পড়ার ১৪ ঘণ্টা পরেই পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তিনি। হাফেজ মাহমুদ ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এ ঘটনার পর পালিয়ে যাওয়া দুই জঙ্গির আর কোনো খোঁজ মেলেনি।
মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল গতকাল প্রথম আলোকে বলেন, ‘হেফাজতে থাকা আসামি কীভাবে মারা যায়, এর জবাব র্যাবকে দিতে হবে। এটা বিচারবহির্ভূত হত্যার পর্যায়েই পড়ে।’