'বন্দুকযুদ্ধে' ধর্ষণ মামলার আসামি নিহত
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে গতকাল সোমবার দিবাগত রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. সেলিম। তিনি একটি ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন। তাঁর বাড়ি কক্সবাজার পৌরসভার বিমানবন্দর সড়কের মগচিতাপাড়ায়।
র্যাবের কক্সবাজার অঞ্চলের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন বলেন, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে সেলিমের নেতৃত্বে একদল ডাকাত খুরুশকুল ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে গেলে ডাকাতেরা গুলি ছুড়তে থাকে। র্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় সেলিমকে। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত ২৩ আগস্ট মগচিতাপাড়া এলাকায় তিন বছরের এক মেয়েশিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়। ওই মামলার প্রধান আসামি ছিলেন সেলিম।