'বন্দুকযুদ্ধে' নিহত একজনের পরিচয় মিলল
রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় শনিবার রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
নিহত ওই ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪৫)। পিতার নাম খোরশেদ আলম। তাঁর বাড়ি ভোলা সদর উপজেলার খাপতা গ্রামে। থাকতেন গাজীপুরের টঙ্গীর এরশাদনগরের চানখিরট্যাক বাস্তুহারা এলাকায়। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে এসে তাঁর স্ত্রী শাহিনুর বেগম লাশ শনাক্ত করেন।
শাহীনুর বেগম জানান, ২১ জানুয়ারি সকালে বাসা থেকে বের হন আবুল কালাম আজাদ। ওই দিন দুপুর ১২টার দিকে সর্বশেষ কথা হয় তাঁর সঙ্গে। এর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে পত্রিকায় ছবি দেখে লাশ শনাক্ত করেন তিনি। তাঁদের তিনটি মেয়ে রয়েছে।
আবুল কালাম আজাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই বলে দাবি করেন স্ত্রী শাহীনুর বেগম। তবে তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি-ছিনতাইয়ের মামলা ছিল।
শনিবার গভীর রাতে বনশ্রী এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হন। পরে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। লাশ দুটি হাসপাতালের মর্গে ছিল।