'বন্দুকযুদ্ধে' নিহত একজনের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই যুবকের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মুজাহিদুল ইসলাম (৩৩)। এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে দাবি পরিবারের।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে মুজাহিদুলের লাশ শনাক্ত করেন তাঁর ছোট ভাই জাহিদুল ইসলাম। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
জাহিদুলের দাবি, তাঁর ভাই নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার দুই দিন পর গত ২৬ জানুয়ারি রাজধানীর কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। র‌্যাবের গুলিতে দুই অজ্ঞাত যুবক নিহত হওয়ার খবর টিভিতে দেখে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে মুজাহিদুলের লাশ শনাক্ত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মুকুল মিয়া বলেন, ‘আমরা বিভিন্ন থানায় ওই যুবকের সন্ধান করেছি। কিন্তু কোনো খোঁজ পাইনি।’
জাহিদুলের ভাষ্য, তাঁদের বাড়ি লক্ষ্মীপুর। বাবার নাম আবুল খায়ের ভূঁইয়া। তিনি সরকারি চাকরি করতেন। তাঁরা চার ভাই ও পাঁচ বোন। ভাইদের মধ্যে মুজাহিদুল তৃতীয়। দুই বছর আগে সিঙ্গাপুর গিয়েছিলেন। দুই মাস কাজ করে দেশে ফিরে আসেন। পরে কারওয়ান বাজারের কাঁচামালের ব্যবসা করতেন তিনি।
র‍্যাবের পক্ষ থেকে দাবি করা হয়, মঙ্গলবার গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় র‌্যাব-১০-এর টহল দলকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। র‌্যাব টহলযানের গতি কমিয়ে দিলে দুর্বৃত্তরা ওই যান লক্ষ্য করে পেট্রলবোমা ও গুলি ছোড়ে। র‌্যাবের টহলযানের দরজায় গুলি লাগে। এ সময় র‌্যাবের সদস্যরা গুলি ছুড়লে দুই যুবক আহত হন।
হাসপাতাল সূত্র জানায়, রক্তাক্ত অবস্থায় দুই যুবককে গতকাল বুধবার ভোর সোয়া চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান র‌্যাব-১০-এর উপসহকারী পরিচালক শহীদ। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিবন্ধন খাতায় নিহত একজনের বয়স (৩২), তাঁর পরনে শেওলা রঙের জ্যাকেট ও কালো ফুলপ্যান্ট ছিল বলে উল্লেখ রয়েছে। আরেকজনের বয়স (২৩), তাঁর পরনে ছিল নীল চেক শার্ট ও নেভি ব্লু রঙের জিনস প্যান্ট। হাসপাতাল ও মর্গ সূত্র জানায়, দুই যুবকের শরীরেই একাধিক গুলির চিহ্ন আছে।
র‍্যাবের কর্মকর্তারা দাবি করেন, র‌্যাবের সদস্যরা ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও নিহত দুজনের কাছ থেকে কিছু ককটেল উদ্ধার করেছেন।