'বন্দুকযুদ্ধে' নিহত দুজন আগেই 'নিখোঁজ' ছিলেন
রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই যুবকের পরিচয় মিলেছে। তাঁরা হলেন দোকান কর্মচারী শাখাওয়াত হোসেন (১৮) ও মুজাহিদুল ইসলাম (৩৩)। তাঁরা পরস্পরের পরিচিত।
স্বজনেরা দাবি করেছেন, ওই ‘বন্দুকযুদ্ধের’ ১৪ দিন আগে শাখাওয়াতকে ও ১৫ দিন আগে মুজাহিদুলকে তুলে নিয়ে গিয়েছিল কয়েকজন ব্যক্তি। তাঁরা ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় তেজগাঁও থানায় পৃথক জিডি করা হয়। পরে শাখাওয়াতকে অপহরণের অভিযোগে থানায় মামলাও করেন তাঁর মা সুফিয়া বেগম। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে শাখাওয়াতের লাশ শনাক্ত করেন তাঁর খালাতো বোন আফরোজ ভূঁইয়া ও মুজাহিদুলের লাশ শনাক্ত করেন তাঁর ভাই জাহিদুল ইসলাম। স্বজনদের অভিযোগ, র্যা ব তাঁদের ধরে নিয়ে হত্যা করেছে।
স্বজনেরা জানান, ফার্মগেটসংলগ্ন উত্তরণ মোটর্সের কর্মচারী শাখাওয়াত পাশের একটি ভবনে থাকতেন। কারওয়ান বাজারের কাঁচামালের আড়তের কর্মী মুজাহিদুল ফার্মগেটে মেসে থাকতেন। শাখাওয়াতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আটিয়াবাড়ীতে। তাঁর বাবার নাম আলমগীর হোসেন। এক ভাই ও এক বোনের মধ্যে শাখাওয়াত বড়। মুজাহিদুলের গ্রামের বাড়িও লক্ষ্মীপুরে, বাবার নাম আবুল খায়ের ভূঁইয়া। তিনি চার ভাই ও পাঁচ বোনের মধ্যে অষ্টম ছিলেন। মুজাহিদুল তাঁর মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে উত্তরণ মোটর্সে যাওয়ার সুবাদে ওই দোকানের কর্মচারী শাখাওয়াতের সঙ্গে ঘনিষ্ঠতা হয়।
মর্গে শাখাওয়াত ও মুজাহিদুলের স্বজনেরা জানান, র্যা বের ওপর ওই দুজনের হামলা করার প্রশ্নই ওঠে না। শাখাওয়াত ও মুজাহিদুল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁরা সন্ত্রাসী নন বা তাঁদের বিরুদ্ধে কোনো থানায় মামলাও নেই।
গতকাল শাখাওয়াতের মা প্রথম আলোকে বলেন, ছেলের খোঁজে ঢাকায় এসে তিনি ২২ জানুয়ারি তেজগাঁও থানায় জিডি ও ২৬ জানুয়ারি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে অপহরণের মামলা করেন। খোঁজ পেতে র্যা ব-২-এর কার্যালয়ে আবেদনও করেছিলেন। র্যা ব জানায়, শাখাওয়াতের খবর তাদের কাছে নেই। কয়েক দিন আগে তিনি অপহরণ মামলার তদন্তভার ডিবিকে দেওয়ার আবেদন করেন ডিএমপি কমিশনারের কাছে। পরে তিনি গ্রামে ফিরে যান।
সুফিয়া বেগম অভিযোগ করেন, শাখাওয়াতকে র্যা ব ধরে নিয়ে গুলি করে মেরেছে। শাখাওয়াতের সঙ্গে কারও শত্রুতা ছিল না। একমাত্র ছেলে হারিয়ে তিনি কী নিয়ে বাঁচবেন—বলেই কান্নায় ভেঙে পড়েন।