'বন্দুকযুদ্ধে' নিহত দুজন ছিনতাইকারী বলে দাবি পুিলশের
রাজধানীর বনশ্রীতে গত শনিবার গভীর রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুজনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন আবুল কালাম আজাদ (৪০) ও মো. সুলতান (৩৫)। পুলিশ জানিয়েছে, এ দুজন পেশাদার ছিনতাইকারী।
র্যাব জানায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রামপুরার বনশ্রীর আইডিয়াল স্কুলের সামনে ‘বন্দুকযুদ্ধে’ ওই দুজন নিহত হন। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের ব্যবহৃত একটি টয়োটা এক্স করোলা গাড়ি, ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি, এক জোড়া হাতকড়া, একটি ওয়াকিটকি, দুটি ডিবি লেখা জ্যাকেট ও একটি পিস্তলের কভার উদ্ধার করা হয়। তাঁরা ডিবি পরিচয়ে বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলে র্যাবের কর্মকর্তারা ধারণা করেছিলেন।
ওই ‘বন্দুকযুদ্ধে’র বিষয়ে রামপুরা থানায় রোববার দুটি মামলা করে র্যাব। মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, নিহত একজনের নাম আবুল কালাম আজাদ ও অপরজন মো. সুলতান বলে তাঁদের স্বজন ও স্ত্রীরা পুলিশের কাছে দাবি করেছেন।
গতকাল সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত ব্যক্তিদের একজনকে আবুল কালাম আজাদ বলে শনাক্ত করেন তাঁর স্ত্রী শাহীনুর বেগম। তিনি জানান, তাঁর স্বামী গাড়িচালক, বাড়ি ভোলার সদর উপজেলায়। টঙ্গীর এরশাদ নগরের চানখিরট্যাক বাস্তুহারা এলাকায় তাঁরা থাকতেন। ২১ জানুয়ারি সকালে বাসা থেকে বের হন আজাদ। ওই দিন দুপুর ১২টার দিকে সর্বশেষ তাঁর সঙ্গে কথা হয়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে পত্রিকায় ছবি দেখে লাশ শনাক্ত করেন তিনি। তাঁদের তিনটি মেয়ে রয়েছে।
শাহীনুর বেগমের দাবি, আজাদ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি-ছিনতাইয়ের মামলা রয়েছে।
শনিবার রাতে উদ্ধার হওয়া গাড়িটিও চুরি হয়েছিল বলে জানিয়েছে র্যাব ও পুলিশ।
সুলতানের লাশ মর্গে গিয়ে কেউ আনুষ্ঠানিকভাবে শনাক্ত করেননি। মর্গ সূত্র জানায়, গতকাল অনেকেই লাশ শনাক্তের জন্য এসেছিলেন। তবে তাঁরা কেউ সুলতানকে শনাক্ত করেননি। এসআই টিপু সুলতান বলেন, সুলতানের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়। তিনি গাজীপুরের কোনাবাড়িতে থাকতেন।
পুলিশ জানিয়েছে, এই দুজনের বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে। লাশ দুটি গতকাল রাতেও মর্গে পড়ে ছিল।