'বন্দুকযুদ্ধে' নিহত, পরিবার বলছে ধরে নিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দুকযুদ্ধ নয়, বাসা থেকে ধরে নিয়ে গিয়ে রাজধানীর মুগদা থানা এলাকায় মেজবাহ উদ্দিন তারেককে (২৪) হত্যা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ড ধামাচাপা দিতেই ‘বন্দুকযুদ্ধ’ বলে চালানো হচ্ছে। 

আজ রোববার রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে মেজবাহের বাবা আবু জাফর সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন। তাঁর দাবি, মেজবাহের বিরুদ্ধে কোনো মামলা ও জিডি পর্যন্ত নেই।
গতকাল শনিবার সকালে মুগদা থানার মান্ডায় গ্রীন মডেল টাউন এলাকার বালুর মাঠে বন্দুকযুদ্ধে মেজবাহ নিহত হন বলে দাবি করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মেজবাহের নাম তারেক মাসুদ বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নিহত তারেক অবৈধ অস্ত্র ব্যবসায়ী। তাঁর কাছ থেকে একটি পিস্তল, নয়টি গুলি, সাতটি গুলির খোসা, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হন।
তবে তারেকের বিরুদ্ধে কোনো মামলা কিংবা সাধারণ ডায়েরি ছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত করতে পারেনি ডিবি ও কদমতলী থানার পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত আড়াইটার দিকে অবৈধ অস্ত্র ব্যবসায়ের অভিযোগে তারেককে কদমতলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, কদমতলী ও মাতুয়াইল এলাকার সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী চান্দি সুমন ও কিলার শামিম গ্রুপের সক্রিয় সদস্য তিনি। দলের সদস্যদের কাছে অবৈধ অস্ত্র আছে, তাঁর এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ডিবি। একপর্যায়ে তারেক জানান, ভোরে মুগদার মান্ডা এলাকার গ্রীন মডেল টাউনসংলগ্ন বালুর মাঠে তাঁর চারজন সহযোগী একত্র হবে। ডিবির দল সকাল সাতটার দিকে ওই মাঠে কৌশলে অবস্থায় নেয়। শনাক্তের সুবিধার্থে তারেককে তাঁর সহযোগীদের সঙ্গে একত্র হওয়ার কথা বলা হয়। কিন্তু তারেক তাঁর সহযোগীদের কাছে গিয়ে মুহূর্তের মধ্যে এক সহযোগীর কাছ থেকে অস্ত্র নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকেন। অন্য সহযোগীরা গুলি চালাতে থাকেন। তখন পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অপরাধীরা পালিয়ে যান। পরে তারেককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে মুগদা থানার পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, তারেকের মুখের ডান পাশে ও বুকে ছিদ্র আছে। সারা শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। রাত আটটা পর্যন্ত মর্গে অজ্ঞাতনামা হিসেবেই লাশ মর্গে পড়ে ছিল। পরে স্বজনেরা মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন।
মেজবাহের বাবা আবু জাফর সিকদার মর্গে সাংবাদিকদের জানান, তাঁদের বাসা কদমতলী থানার দনিয়ায়। তিন ছেলের মধ্যে মেজবাহ বড়। গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার কদুয়ায়।
আবু জাফর বলেন, আজ ভোর চারটার দিকে ডিবির একটি দল বাসায় ঢুকে মেজবাহকে আটক করে। ‘অভিযোগ আছে’ বলে তাঁকে বাসার বাইরে নিয়ে গিয়ে বেদম মারধর করেন তাঁরা। এরপর গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। কী অভিযোগ, তার বিস্তারিত জানতে আজ সকাল ১০টার দিকে তিনি (আবু জাফর) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গেলেও ঢুকতে দেওয়া হয়নি। বিকেল পাঁচটা পর্যন্ত ডিবি কার্যালয়ের প্রধান ফটকের সামনে অপেক্ষায় ছিলেন। বিকেল পাঁচটার দিকে এক পুলিশ সদস্য কদমতলী থানায় যোগাযোগ করতে বলেন। কদমতলী থানায় গেলে মর্গে যাওয়ার জন্য বলে এক পুলিশ। মর্গে গিয়ে দেখেন, লাশ হয়ে শুয়ে আছে ছেলে মেজবাহ।
আবু জাফর বলেন, উচ্চমাধ্যমিক পাস করে এক বছর ওষুধ কোম্পানিতে চাকরি করেছেন মেজবাহ। এরপর আদমজীতে ইপিজেডে চাকরি করেন দুই বছর। চলতি মাসে চাকরি ছেড়ে দিয়ে শিক্ষার্থী ভিসায় মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। কোরবানি ঈদের আগে মালয়েশিয়া চলে যাওয়ার কথা ছিল তাঁর। আবু জাফরের দাবি, তাঁর ছেলের বিরুদ্ধে কোনো মামলা কিংবা জিডি পর্যন্ত নেই। ভুল তথ্যের ভিত্তিতে ডিবি তাঁকে ধরে নিয়ে গিয়ে ‘হত্যা’ করেছে।
যোগাযোগ করা হলে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘মেজবাহ উঠতি সন্ত্রাসী। হয়তো ডিবির লিস্টে তার নাম উঠে গেছে।’ মেজবাহের বিরুদ্ধে কোনো মামলা বা জিডি আছে কি না—প্রশ্ন করলে ওসি বলেন, ‘এখনো দেখার সময় পাইনি।’