'বন্দুকযুদ্ধে' নিহত পুলিশ হত্যাচেষ্টা মামলার আসামি
পাবনার আটঘরিয়া উপজেলায় গত শনিবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শরীফ হোসেন মণ্ডল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি তালিকাভুক্ত সন্ত্রাসী ও পুলিশ হত্যাচেষ্টা মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে শরীফের পরিবারের দাবি, গত বৃহস্পতিবার তাঁকে তুলে নিয়ে যায় অজ্ঞাত লোকজন।
উপজেলার একদন্ত ইউনিয়নের সুতির বিল এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এই ঘটনা ঘটে। শরীফের বাড়ি পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের গাছাপাড়া গ্রামে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার সরকারের ভাষ্য অনুযায়ী, গত বুধবার বেলা ১১টার দিকে আটঘরিয়ার ডেঙ্গারগ্রাম সেতুর কাছে আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন ও তোফাজ্জল হোসেনকে গুলি করা হয়। গাড়িতে থাকা সন্ত্রাসীরা দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের নামে মামলা করে। শরীফ ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত ছিল। তাঁরা সুতির বিলের একটি সেতুর পাশে অবস্থান করছেন—এমন তথ্যর ভিত্তিতে শনিবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশের একটি টহল দল সেখানে যায়। পুলিশের অবস্থান টের পেয়ে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ একটি মৃতদেহ পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তা গৌতম বলেন, ঘটনাস্থল থেকে একটি শাটারগান, তিনটি গুলি, রামদা ও চাপাতি উদ্ধার করা হয়। পরে মৃত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত হলে জানা যায়, নিহত শরীফ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। দুই এসআইকে গুলি করে হত্যাচেষ্টার পর থেকে তাঁকে খোঁজা হচ্ছিল। ময়নাতদন্ত শেষে গতকাল রোববার বিকেলে মৃতদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল বিকেলে শরীফের গ্রামের বাড়িতে কথা হয় তাঁর ভাই আব্দুল মজিদ মণ্ডলের সঙ্গে। তিনি বলেন, তাঁর ভাই প্রাইভেট কার ও মাইক্রোবাস চালাতেন। কয়েক দিন আগে তিনি রাজবাড়ী সদরে ফুপুর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে গত বৃহস্পতিবার অজ্ঞাত লোকজন তাঁকে তুলে নিয়ে যায় বলে তাঁরা জেনেছেন। তবে শরীফের বিরুদ্ধে পুলিশকে গুলি করার অভিযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে পরিবারের কিছু জানা নেই।