'বন্দুকযুদ্ধে' নিহত যুবক নিখোঁজ ছিলেন চার মাস

রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবক ‘শরিফুলের’ আসল নাম মো. মুকুল রানা বলে জানিয়েছে তাঁর পরিবার। পরিবার বলেছে, তাঁর বাড়ি সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে। প্রায় চার মাস আগে যশোর শহরের বসুন্দিয়া থেকে কয়েক ব্যক্তি তাঁকে তুলে নিয়ে যাওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন।
নিখোঁজের ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
পুলিশ বলছে, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ‘শরিফুল’ বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায়ের খুনে নেতৃত্ব দেন। তিনি আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার শীর্ষ নেতা। গত ১৫ মে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম এক প্রশ্নের জবাবে প্রথম আলোকে বলেছিলেন, অভিজিৎ রায়ের খুনি শনাক্ত। খুব দ্রুতই গ্রেপ্তার করা সম্ভব হবে।
গত শনিবার কথিত বন্দুকযুদ্ধে নিহত হন পুরস্কারঘোষিত ছয় জঙ্গির একজন শরিফুল। পুলিশ বলছে, নিহত যুবক আনসারুল্লাহ বাংলা টিমে শরিফুল, শাকিব, সালেহ, আরিফ, হাদি নামে পরিচিত। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান গতকাল সোমবার রাতে বলেন, নিহত শরিফুলের নাম মুকুল রানা হোক বা যা-ই হোক, তিনি যে এসব হত্যায় জড়িত, সে ব্যাপারে তাঁরা নিশ্চিত।
গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মুকুল রানার লাশ নিতে আসেন তাঁর দুলাভাই হেদায়েতুল ইসলাম ও চাচাতো ভাই রহমতউল্লাহ। তাঁদের কেউই মুকুল রানার ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। হেদায়েতুল ইসলাম বলেন, মুকুল সাতক্ষীরা কলেজে ইংরেজিতে পড়তেন। মাঝে মাঝে ঢাকার উত্তরায় এসে থাকতেন। উত্তরায় মুকুল কী করতেন—জানতে চাইলে তিনি কিছু বলেননি। মুকুল কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন কি না, সে তথ্যও তাঁদের কাছে নেই। শেষ কবে গ্রামের বাড়িতে গিয়েছেন এমন প্রশ্নে তাঁরা বলেন, এ বছরের ফেব্রুয়ারিতে মুকুল বিয়ে করেন। সে সময় তিনি বাড়ি গিয়েছিলেন। এরপর মুঠোফোনে বা চিঠিতে পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল কি না, তা তাঁরা জানেন না।
মুকুল রানার স্বজনেরা দাবি করেন, পত্রপত্রিকায় তাঁকে ধরিয়ে দিতে যে ছবি ছাপা হয়েছিল, সে সম্পর্কে তাঁরা জানেন না। টেলিভিশনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত তরুণের ছবি দেখে রোববার তাঁরা ঢাকার উদ্দেশে রওনা দেন। রাত ১০টার দিকে লাশ দেখে মুকুল রানাকে শনাক্ত করা হয়। তাঁরা মুকুল রানার ছবি ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে এসেছেন বলে মর্গের সামনে দায়িত্বরত খিলগাঁও থানার পুলিশকে জানান।
গতকাল সাতক্ষীরা সদর উপজেলার বালুইগাছা গ্রামে নিজ বাড়িতে বসে মুকুল রানার বাবা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, মুকুল সর্বশেষ বাড়ি আসেন গত ১৫ ফেব্রুয়ারি। ১৯ ফেব্রুয়ারি যশোর শহরের বসুন্দিয়া এলাকার জগন্নাথপুরে বিয়ে করেন তিনি। ২৩ ফেব্রুয়ারি ওই এলাকা থেকে কয়েকজন তাঁকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তুলে নিয়ে যাওয়ার চার-পাঁচ দিন পর মুকুলের শ্যালক আমির হোসেন যশোর কোতোয়ালি থানায় জিডি করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন প্রথম আলোকে জিডির সত্যতা নিশ্চিত করেছেন।
আবুল কালাম আজাদ বলেন, তিনি জানতেন, তাঁর ছেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) হিসাবরক্ষকের চাকরি করতেন। ছেলে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন কি না, এ প্রশ্নে তিনি বলেন, এটা তিনি জানতেন না। ছেলে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিচার হওয়া উচিত ছিল।
মুকুল রানার প্রতিবেশীরা বলেন, মুকুল উচ্চমাধ্যমিক পাস করার পর খুব একটা এলাকায় আসতেন না। এলেও একটা মোটরসাইকেলে একা ঘুরে বেড়াতেন। না হলে বাড়িতেই থাকতেন। এলাকায় ভালো ছাত্র হিসেবে তাঁর সুনাম ছিল।
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ বলেন, মুকুল রানা ২০০৮ সালে ধুলিহর আইডিয়াল সেকেন্ডারি স্কুল থেকে বাণিজ্য বিভাগে এসএসসিতে জিপিএ-৫ এবং সাতক্ষীরা দিবানৈশ কলেজ থেকে ২০১০ সালে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০১০-১১ শিক্ষাবর্ষে তিনি সাতক্ষীরা কলেজে ইংরেজি বিভাগে সম্মানে ভর্তি হন। ২০১১ সালের ২২ নভেম্বর তিনি চাকরির জন্য এসএসসি ও এইচএসসির নম্বর ফর্দ তোলেন। পরে তা আবার জমা দেন। ডিসেম্বর থেকে তিনি আর ক্লাসে আসেননি।
ধুলিহর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, আবুল কালাম আজাদ তিন বছর আগে আওয়ামী লীগে যোগ দেন। পরে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হন। প্রায় চার বছর তাঁর ছেলে মুকুল এলাকায় থাকতেন না। বাড়ি এলেও এলাকার কারও সঙ্গে মিশতেন না।