'বন্দুকযুদ্ধে' নিহত শিয়া মসজিদে হামলার সন্দেহভাজন
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত মিজানুর রহমান ওরফে কাউসার (২৮) নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির সদস্য। তিনি গত বছরের নভেম্বরে শিবগঞ্জের চককানুপুর গ্রামে শিয়া মসজিদে বন্দুক হামলায় অংশ নিয়েছিলেন।
এ নিয়ে গত সোম ও মঙ্গলবার বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িত বলে সন্দেহভাজন চারজন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হলেন।
পুলিশের দাবি, বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ ইউনিয়নের জামতলী লোহার সেতু এলাকায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জেএমবির সদস্যদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মিজানুর মারা যান। তাঁর বাড়ি জয়পুরহাট সদর উপজেলার কমরগ্রামে।
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, মিজানুর জেএমবি কিলিং স্কোয়াডের সদস্য ছিলেন। গত বছরের ২৬ নভেম্বর শিবগঞ্জ উপজেলার চককানুপুর গ্রামের শিয়া মসজিদে বন্দুক হামলায় তিনি অংশ নিয়েছিলেন। ওই হামলায় মসজিদের মুয়াজ্জিন নিহত হন। আহত হয়েছিলেন আরও তিনজন।
পুলিশ সুপার বলেন, শিবগঞ্জে জেএমবি সদস্যরা নাশকতা ঘটাতে পারে, এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শিবগঞ্জ থানা-পুলিশের যৌথ দল মঙ্গলবার রাতে উপজেলার জামুরহাট সড়কের জামতলী লোহার সেতুর কাছে অবস্থান নেয়। রাত সাড়ে তিনটার দিকে জেএমবির তিন থেকে চারজন সদস্য সেতু অতিক্রম করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা হাতবোমা ছোড়েন ও গুলিবর্ষণ করেন। পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের একপর্যায়ে মিজানুর গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাঁর সঙ্গীরা পালিয়ে যান।
পুলিশ বলেছে, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, পাঁচটি ককটেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ বলেছে, তারা পরে নিহত ব্যক্তির পরিচয় জানতে পারে এবং তিনি যে মসজিদে হামলাকারী, তা নিশ্চিত হয়।
হাসপাতাল সূত্র জানায়, মিজানুরের বুকে ও পিঠে তিনটি করে গুলির চিহ্ন রয়েছে। সন্ধ্যায় জয়পুরহাট থেকে তাঁর স্বজনেরা এসে লাশ নিয়ে গেছেন।
এদিকে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, দেড় মাসের বেশি সময় আগে মিজানুরকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়েছিল।
পুলিশ সূত্র জানায়, শিয়া মসজিদে হামলার ঘটনায় জয়পুরহাট থেকে গ্রেপ্তার করা ইয়াছিন আলী গত বছরের ১২ ডিসেম্বর বগুড়ার একটি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, মিজানুর ওরফে কাউসার শিয়া মসজিদে মুসল্লিদের লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন।
ইয়াছিনের দেওয়া তথ্যানুযায়ী ২৬ এপ্রিল রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রাম থেকে শিয়া মসজিদে হামলায় ব্যবহৃত একে-২২ রাইফেল ও বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয় সরকারি আজিজুল হক কলেজের ছাত্র ও জেএমবির সদস্য আবদুল মোমিনকে। এ ছাড়া দিনাজপুরে ইসকন মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামি শফিকুল ইসলাম ও মোছাব্বেরকেও এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জয়পুরহাট প্রতিনিধি জানান, মিজানুর জেলার বানিয়াপাড়া কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেন। ২০০৮ সালে বাবা মারা যাওয়ার পর তিনি রাজমিস্ত্রির জোগালির কাজ ও মাঝেমধ্যে কৃষিজমিতে দিনমজুরের কাজ করতেন। তাঁর বোন নুরুন্নেছা বেগম বলেন, গত ১৫ এপ্রিল মিজানুরকে জয়পুরহাট পৌরসভার তেঘর রেলঘুমটি এলাকা থেকে ডিবি পুলিশের সদস্য পরিচয়ে কয়েকজন লোক ধরে নিয়ে যান। পরিবারের পক্ষ থেকে থানা-পুলিশ ও ডিবির কাছে গিয়ে কোনো হদিস পাওয়া যায়নি। পরে সদর থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়। গতকাল সকালে টিভির খবর শুনে এলাকার লোকজনের কাছে তাঁরা জানতে পারেন মিজানুর বগুড়ার শিবগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন।
এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীর কালশীতে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছিলেন। পরে সংবাদ সম্মেলনে পুলিশ দাবি করে, নিহত তারেক হোসেন মিলু ওরফে ইলিয়াস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার অন্যতম খুনি। নিহত অপর যুবক সুলতান মাহমুদ ওরফে রানা বাগমারা শিয়া মসজিদে গুলির ঘটনায় অন্যতম সন্দেহভাজন। এ ছাড়া সোমবার রাতে রাজশাহীর গোদাগাড়ীতে বন্দুকযুদ্ধে নিহত হন জামাল উদ্দিন নামের এক যুবক। পুলিশ জানিয়েছে, তিনি গত বছরের ডিসেম্বরে বাগমারা শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনায় জড়িত বলে সন্দেহভাজন।