'বন্দুকযুদ্ধে' নিহত ১, পুলিশ বলছে 'ডাকাত সর্দার'
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউসুফ মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত দুইটার দিকে খেজুরবাগ সাতপাখি মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত ইউসুফ ডাকাত দলের সর্দার ছিলেন। তবে নিহতের স্ত্রী সুলতানা বেগমের দাবি, তাঁর স্বামী নারায়ণগঞ্জের দেলপাড়া বাজারে মাছের ব্যবসা করতেন। গতকাল পাওনা টাকা নেওয়ার জন্য কেরানীগঞ্জের ডাকপাড়া এলাকায় গেলে পুলিশ তাঁর স্বামীসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশের ভাষ্য, সংঘবদ্ধ ডাকাত দল জড়ো হয়েছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত দেড়টার দিকে পুলিশ খেজুরবাগ সাতপাখি মুসলিমনগর এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ দলটির সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাত সর্দার ইউসুফ মিয়া গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ ওই দলের অন্যদের ধাওয়া করে মো. সোহরাব (৩০) ও ইসমাইল মিয়া (২৭) নামে দুজনকে আটক করেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের ভাষ্য, পুলিশ ও ডাকাত দলের সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধ চলাকালে ইউসুফ গুলিবিদ্ধ হন। চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে ইউসুফ মারা যান। ওসির দাবি, বন্দুকযুদ্ধে এই থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ও এএসআই মফিজুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, গ্রিল কাটার মেশিন ও দা উদ্ধার করেছে।
ওসি আরও বলেন, বন্দুকযুদ্ধে নিহত ইউসুফের নামে তাঁর থানায় একটি ডাকাতি মামলা, দোহার থানায় একটি খুন ও ছয়টি ডাকাতি মামলা এবং নবাবগঞ্জ থানায় তিনটি ডাকাতির মামলা রয়েছে। এ ছাড়া আটক সোহরাব ও ইসমাইলের নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে বলেও জানান ওসি মনিরুল।
নিহত ইউসুফের স্ত্রী সুলতানা বেগমের ভাষ্য, তাঁর স্বামী মাছের ব্যবসা করতেন, কোনো অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন না। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এক আত্মীয়ের কাছে পাওনা টাকা নেওয়ার জন্য তিনি কেরানীগঞ্জের ডাকপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথে কদমতলী গোলচত্বর এলাকা থেকে পুলিশ ইউসুফসহ তিনজনকে আটক করে। তবে বাকি দুজনের নাম-পরিচয় তিনি জানাতে পারেননি।
নিহতের মা রিনা বেগমের দাবি, তাঁর ছেলে কখনো ডাকাত ছিলেন না। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তিনি ছেলে হত্যার বিচার চান।
নিহত ইউসুফের বাড়ি ঢাকার দোহার উপজেলার হাজারবিঘা গ্রামে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে নারায়ণগঞ্জের দেলপাড়া এলাকায় ভাড়া থাকতেন। সোহরাব মিয়ার বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মাছুয়াখালী গ্রামে। আর ইসমাইল মিয়ার বাড়িও একই এলাকায়।