খুলনা ও বাগেরহাটে পুলিশ-র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১৫ জন নিহত হয়েছে। ঈদের আগের দিন (রোববার) এক দিনেই খুলনার পাইকগাছায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয় ১৩ জন। আর গতকাল বুধবার ভোরে বাগেরহাটে নিহত হয়েছে দুজন।
র্যাব ও পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা সবাই সুন্দরবনের ‘দস্যু’। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যও আহত হয়েছেন। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, স্থানীয় জনগণের সহায়তায় র্যাব-পুলিশ এদের হত্যা করেছে। এদের স্বজনেরা বলেছেন, এরা অপরাধ করে থাকলেও এভাবে হত্যা না করে প্রচলিত আইনে বিচার করা যেত।
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, খুলনার উপকূলের কয়রা, দাকোপ ও পাইকগাছার মানুষ দীর্ঘদিন ধরে বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজিতে অতিষ্ঠ। প্রশাসনকে বারবার জানালেও কোনো প্রতিকার পায়নি। এ কারণে বাধ্য হয়ে তারা ১১ জন বনদস্যুকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের হত্যা করে পুরো ঘটনাকে ‘বন্দুকযুদ্ধ’ বলে চালিয়ে দেয়।
র্যাব-পুলিশের দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে জানিয়েছে, গত ১০ বছরে র্যাব ও পুলিশের হাতে এভাবে শতাধিক ‘বনদস্যু’ নিহত হয়েছে। এ সময় ৭৮টি অস্ত্র উদ্ধার করা হয়। আর এই সময়ে আড়াই হাজার ‘বনদস্যু’ আটক হয়েছে।
খুলনায় ১৩ জন নিহত হওয়া নিয়ে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান যে বক্তব্য দিয়েছেন, তা আগের ‘বন্দুকযুদ্ধে’র মতোই। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ৫ অক্টোবর ভোরে উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ করিমুল (৪০) ও হবি (৪২) নামের দুজন বনদস্যু নিহত হন। ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা জানান, সুন্দরবনের ভেতরে তাঁদের আস্তানায় আরও অস্ত্র-গোলাবারুদ রয়েছে। তাঁদের তথ্য অনুসারে আটক ব্যক্তিদের নিয়ে সুন্দরবনে অস্ত্র উদ্ধার অভিযানে নামে পুলিশ। পুলিশ পাইকগাছার গড়ইখালী গাঙরখীর লক্ষ্মীরচর এলাকায় পৌঁছালে কাশেম বাহিনীর সদস্যরা ওই ১১ জনকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও ১০৫টি গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে ঘণ্টা খানেক গুলিবিনিময়ের পর ঘটনাস্থল থেকে ১১ জন বনদস্যুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ১৭টি বন্দুক, ৫৭টি গুলি উদ্ধার করেছে।
তবে এ ঘটনা নিয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বললে তাঁরা ভিন্ন তথ্য দেন। জিরবুনিয়া গ্রামের এক বাসিন্দা বলেন, ঈদের আগের দিন রাত সাড়ে তিনটার দিকে ১২-১৩ জনের সশস্ত্র বনদস্যুর একটি দল উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গ্রামের জোতিষ চন্দ্র ঢালীর ছেলে স্কুলশিক্ষক যতীন্দ্রনাথ ঢালীকে অপহরণ করতে তাঁদের বাড়িতে যায়। কিন্তু বনদুস্যর উপস্থিতি টের পেয়ে যতীন্দ্র পালিয়ে যান। দস্যুরা তাঁর আরেক ভাই বটিয়াঘাটা থানার বারহাড়িয়া কলেজের জীববিজ্ঞানের প্রভাষক প্রশান্ত কুমার ঢালীকে অপহরণ করে। তাঁকে একটি ইঞ্জিনচালিত নৌকায় তুলে শিবসা নদীর শাখা নদী হাবখানার দিকে ফিরে যাচ্ছিল। নৌকা পথে বিকল হয়ে গেলে অপহরণকারীরা চরে নেমে পড়ে। একপর্যায়ে তারা ওই এলাকার হাবখানা চৌমুহিনী এলাকা থেকে জেলেদের নৌকা দিয়ে নদী পার হয়ে বিগরদানা স মিলের কাছে পৌঁছানোর পর সকাল হলে প্রশান্তকে ছেড়ে দেয়। এ খবর তাৎক্ষণিকভাবে এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর গ্রামবাসী একজোট হয়ে তাদের ধাওয়া করে। গ্রামবাসীর সঙ্গে একপর্যায়ে পুলিশও যোগ দেয়। গ্রামাবাসী ১১ জনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের নিয়ে অস্ত্র উদ্ধারের নামে সুন্দরবনের ভেতরে চলে যায়। বিকেলের দিকে তাদের মৃতদেহ ট্রলারে করে ফিরিয়ে আনে। এরপর বলা হয়, তারা বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
পাইকগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কবির উদ্দিন প্রথম আলোকে বলেন, কলেজশিক্ষককে অপহরণের খবর পেয়ে তিনি তা থানার পুলিশকে জানান। এরপর ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়। তারা পুলিশকে তথ্য দেয়, কাশেম বাহিনীর আরও অস্ত্র রয়েছে। তখন পুলিশ সেগুলো উদ্ধারের জন্য সুন্দরবনের দিকে যায়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাজ আলী বলেন, বন্দুকযুদ্ধে ডাকাত নিহত ও অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় পাঁচটি মামলা হয়েছে। প্রশান্ত কুমার ঢালী নিজে বাদী হয়ে অপহরণ মামলা করেছেন। উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক দেলুটি থেকে উদ্ধার হওয়া অস্ত্র মামলার বাদী। দেলুটি গ্রামে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার বাদী হচ্ছেন উপপরিদর্শক (এসআই) সাঈদ।
সুন্দরবনসংলগ্ন এলাকার রাঙ্গেমারী চরের অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) জালাল। কালাবগী এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ ডাকাত নিহতের ঘটনায় অপর মামলাটির বাদী পরিদর্শক (তদন্ত) শ্যামলাল নাথ।
নিহতরা হলেন পাইকগাছা উপজেলার মাগুরা দেলুটির মৃত শরীফ মোড়লের ছেলে সবুর মোড়ল (৪০), দাকোপ কালাবগীর মৃত সুলতান গাজীর ছেলে মো. হানিফ গাজী (৩৪), মংলার চিকনের দেওয়ান এলাকার মৃত নান্নু মোল্লার ছেলে আলিম মোল্লা (২৭), টিপনা এলাকার আবদুল আজিজ শেখের ছেলে আখিরুল ইসলাম শেখ (২৬), আবদুল আজিজ শেখের ছেলে আফজাল হোসেন শেখ (২৫), সাত্তার শেখের ছেলে শফিকুল শেখ (২১), মৃত আবদুল জলিল শেখের ছেলে নাসরুল শেখ (২৪), একই উপজেলার স্বরাপপুর এলাকার সাত্তার মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৩৮), সাত্তার মোল্লার ছেলে মফিজুল মোল্লা (৪১), গোলনা গ্রামের আবদুল গফফার শেখের ছেলে রুবেল শেখ (২৩), ইউসুপ আলী খানের ছেলে জুনায়েদ খান (৩৫), ডুমুরিয়া থানার পেছনের এলাকার গহর শেখের ছেলে কারিমুল (৪৫) ও তেলিখালী গ্রামের দায়েস সরদারের ছেলে হাবিবুর রহমান ওরফে হবি (৪০)। করিমুলের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মাথা ও বুকে গুলির চিহ্ন আছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, সম্প্রতি ওই এলাকায় চাঁদাবাজি ও অপহরণের ঘটনা বেড়ে গিয়েছিল। এরা সুন্দরবন এলাকায় ডাকাতি করে আসছিল।
পুলিশ জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আখিরুল শেখ ও নাসরুল শেখের লাশ নিতে এসেছিলেন তাঁদের মামাতো ভাই আল-আমিন। তিনি বলেন, তাঁরা খারাপ ছিলেন না। সঙ্গদোষে খারাপ কাজে যোগ দিয়েছিলেন।
নিহত রুবেল শেখের চাচাতো ভাই মহসীন শেখ বলেন, ‘রুবেলের হাত-পা ভাঙা। বাঁ চোখের নিচে খোঁচা চিহ্ন। গায়ে কোনো গুলির দাগ নেই। প্রথমে জনগণ তাঁদের ধরে পিটিয়ে আধমরা করেছে। পরে পুলিশ বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বাকি কাজ শেষ করেছে।
নিহত আরেকজনের ভাই বলেন, দেশে তো আইন আছে। আইনের মাধ্যমে বিচার করা যেত। কিন্তু পুলিশ তা না করে বন্দুকযুদ্ধের নাটক করে ঠান্ডা মাথায় তাদের হত্যা করেছে।
সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ: সুন্দরবনে র্যাব-৮-এর একটি দলের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু আওয়াল বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল সকাল পৌনে আটটার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের মৃগমারী খাল এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে র্যা ব সাতটি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের দেড় শ গুলি ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
নিহতরা হলেন রাজু ও জাকির। এঁদের বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। স্থানীয় জেলেরা তাঁদের আওয়াল বাহিনীর সদস্য বলে শনাক্ত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে র্যাব নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।