'বন্দুকযুদ্ধে' নিহত ২, পুলিশ বলছে ডাকাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে ফরিদপুর শহরতলির মোল্লাবাড়ি-বাইপাস সড়কে পেয়ারপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, নিহত দুই ব্যক্তি ডাকাত। আধিপত্য বিস্তার ও অন্তর্কোন্দলকে কেন্দ্র করে ডাকাতদলের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে ওই দুজন মারা যান। তাঁরা ফরিদপুর শহরের মেঘনা জুয়েলার্স-এ সোনা ডাকাতির ঘটনায়ও জড়িত।

নিহত দুই ব্যক্তি হলেন, শরীয়তপুরের চররোসন্দি গ্রামের ফারুক ফকির (৪৫) ও বরগুনার কদমতলা গ্রামের হৃদয় হোসেন মানিক ওরফে লেংরা মানিক (৩০)।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিনের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের পেয়ারপুরে ফাঁকা জায়গায় গোলাগুলির শব্দ শুনে পুলিশ সেখানে হাজির হয়। উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশ আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে দুই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। ওসির দাবি, আধিপত্য বিস্তার ও অন্তর্কোন্দলকে কেন্দ্র করে ডাকাতদলের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে ওই দুজন মারা যান।

ওই সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই অসীম কুমার মণ্ডল গুলিবিদ্ধ নিহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনেন। গুলি দুজনের ডান কান দিয়ে ঢুকে বাম কান দিয়ে বের হয়ে গেছে।

এ ঘটনায় ফরিদপুর প্রেসক্লাবে মডেল থানার ওসি মহিউদ্দিন আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে যান। সেখানে অবশ্য কারও স্বাক্ষর ছিল না। সেখানে বলা হয় নিহত ফারুক ও হৃদয় দুজনই ফরিদপুর শহরের মেঘনা জুয়েলার্স নামে সোনার দোকানে ডাকাতির সঙ্গে জড়িত।

গত ২০ জুলাই রাত সোয়া আটটার দিকে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র নিলটুলী মহল্লার স্বর্ণপট্টি হিসেবে খ্যাত এলাকার মেঘনা জুয়েলার্সে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ১৫১ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নিহত ফারুকের বিরুদ্ধে সিলেট, কুমিল্লা, ঢাকার ধামারাই, কেরানীগঞ্জ ও ফরিদপুরসহ বিভিন্ন থানায় ডাকাতি ও বিস্ফোরকসহ বিভিন্ন আইনে মোট ছয়টি মামলা রয়েছে। অপরদিকে নিহত হৃদয়ের বিরুদ্ধে ঢাকার ধামরাই, কুমিল্লা সদর, কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের বিভিন্ন থানার ডাকাতি ও বিস্ফোরকসহ বিভিন্ন আইনে মোট চারটি মামলা রয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান প্রথম আলোকে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, তিনটি গুলি ও হাতে তৈরি নয়টি বোমা উদ্ধার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।