পাবনা, যশোর ও ব্রাহ্মণবাড়িয়ায় গত মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলেছে, পাবনার ঈশ্বরদীতে নিহত ব্যক্তি পুলিশের উপপরিদর্শক (এসআই) হত্যা মামলার প্রধান আসামি।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিহত জীবন মিয়ার পরিবার পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছে। আর যশোরে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
এ নিয়ে চলতি মাসে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কয়েকজন সদস্যসহ ১৪ জন নিহত হলেন।
ঢাকার বাইরে থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
ঈশ্বরদী (পাবনা): পুলিশ বলেছে, ঈশ্বরদীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত রুবেল হোসেন পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সুজাউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। তিনি পাকশী দিয়াড়বাঘইল গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, দীর্ঘদিন পলাতক থাকা রুবেলকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দিয়াড়বাঘইল রেললাইনের পাশ থেকে গ্রেপ্তার করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধার ও তাঁর সহযোগী একই হত্যা মামলার পলাতক আসামি ইভরা ওরফে ইব্রাহিম হোসেনকে গ্রেপ্তারের জন্য তাঁকে নিয়ে পুলিশ পাকশীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। রাত আড়াইটার দিকে পুলিশ পাকশীর হার্ডিঞ্জ সেতুর উত্তরে পদ্মার চরে আখখেতের কাছে এলে রুবেলের সহযোগীরা অতর্কিতে হামলা চালায় ও গুলি করে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতেই রুবেল গুলিবিদ্ধ হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ওই হামলায় আহত হন এসআইসহ পাঁচ পুলিশ সদস্য।
পুলিশ বলেছে, আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যরা চিকিৎসা শেষে গতকাল সকালে বাসায় ফিরেছেন।
যশোর: পুলিশ বলেছে, সদর উপজেলার বাজুয়াডাঙ্গা কামালপুর গ্রামে যশোর-মনিরামপুর সড়কে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। টহল পুলিশ এ সময় সেখানে গেলে ডাকাতেরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলি থেমে গেলে গুলিবিদ্ধ একজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির পরিচয় গতকাল বিকেল পর্যন্ত পাওয়া যায়নি। লাশ নিতে স্বজনদের কেউ হাসপাতালের মর্গে যাননি। ময়নাতদন্ত শেষে লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলি হয়েছে। তবে নিজেদের ছোড়া গুলিতেই এক ডাকাতের মৃত্যু হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানায় দুটি মামলা হয়েছে।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির নাম শেখ জীবন মিয়া। পুলিশের ভাষ্যমতে, তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে নয়টি ডাকাতি মামলা রয়েছে। তিনি সরাইলের শাহবাজপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের শেখ মহরম মিয়ার ছেলে।
সরাইল থানার ওসি রূপক কুমার সাহা বলেন, মঙ্গলবার রাতে সরাইল থানার একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কে একটি মাইক্রোবাসে করে টহল দিচ্ছিল। রাত দেড়টার দিকে সরাইলের বারিউড়ায় ১৪-১৫ জন ডাকাত মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে টহল পুলিশের মাইক্রোবাসের গতিরোধ করে। মাইক্রোবাসে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ পাল্টা গুলি করে।
পুলিশ বলেছে, পুলিশ সাতটি ও ডাকাত দল ১০-১২টি গুলি ছোড়ে। গুলিতে ডাকাত দলের সদস্য জীবন মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
তবে নিহত জীবন মিয়া ডাকাতির সঙ্গে কখনো যুক্ত ছিলেন না বলে দাবি করেন তাঁর ছোট বোন তাসমিম বেগম ও ফুফু সায়েরা বেগম। গতকাল তাঁদের বাড়িতে গেলে তাসমিম বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাইকে খুন করা হয়েছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমরা চাই আর যেন কোনো পরিবারের সন্তান এভাবে মারা না যান।’
তবে থানা-পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।