'বন্দুকযুদ্ধে' নিহত 'ডাকাতের' বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিস্তল হাতে আবদুল কাদেরের ছবি। পুলিশ বলছে, ছবিটি তাঁর মুঠোফোন থেকে নেওয়া।
পিস্তল হাতে আবদুল কাদেরের ছবি। পুলিশ বলছে, ছবিটি তাঁর মুঠোফোন থেকে নেওয়া।

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত আবদুল কাদেরের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় আবদুল কাদেরের মা ও এক স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। আবদুল কাদেরের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের ভরনীখন্ড গ্রামে।
পুলিশের দাবি, আবদুল কাদের একজন চিহ্নিত আন্তজেলা ডাকাত সর্দার।
অস্ত্র উদ্ধারের পর আজ সোমবার বিকেল চারটায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশ। সেখানে জানানো হয় আবদুল কাদেরের বাড়িতে ভোর সাড়ে চারটা থেকে টানা সাত ঘণ্টা অভিযান চালানো হয়।
উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে চারটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি এলজি, একটি একনলা বন্দুক, ৫২টি গুলি, আটটি ম্যাগজিন, ১০টি ছোরা, একটি চাপাতি, একটি রামদা, তিনটি শাবল, একটি চাইনিজ কুড়াল, একটি ধামা ও একটি নাট খোলার (গ্রিব বাইশ) মেশিন।

সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের সামনে অস্ত্রগুলো উদ্ধার প্রদর্শন করা হয়। ছবি: এম সাদেক, কুমিল্লা
সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের সামনে অস্ত্রগুলো উদ্ধার প্রদর্শন করা হয়। ছবি: এম সাদেক, কুমিল্লা

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, গত শনিবার ভোর চারটা ২৫ মিনিটে সদর দক্ষিণ উপজেলার ফয়েজগঞ্জ এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবদুল কাদের নামের এক ডাকাত সর্দার নিহত ও আটজন আহত হন। ওই ঘটনায় পাঁচ ডাকাতকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তাঁরা আবদুল কাদেরের অস্ত্রের সন্ধান দেন। এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ও মনোহরগঞ্জ থানা-পুলিশ আজ ভোর সাড়ে চারটায় কাদেরের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ প্রথমে তাঁর মা ফাতেমা আক্তার (৫২) এবং এক স্ত্রী হাসিনা আক্তারকে (২৮) গ্রেপ্তার করে। তাঁদের জিজ্ঞাসাবাদের পর বেলা সাড়ে ১১টা পর্যন্ত পুলিশ বাড়ির পাশের ডোবা, ঘরের মাটি খুঁড়ে ও বিভিন্ন জায়গা থেকে ওই অস্ত্র উদ্ধার করে। এ ছাড়া ডিবি পুলিশ কাদেরের মুঠোফোনে পিস্তল হাতে তাঁর ছবি পেয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, আবদুল কাদেরের বিরুদ্ধে খুন, ডাকাতি, দস্যুতা, মারামারি, চুরি ও বিশেষ ক্ষমতা আইনে অন্তত ১৯টি মামলা রয়েছে। তাঁর তিন স্ত্রী ও চার সন্তান রয়েছে।