'বন্দুকযুদ্ধে' পুলিশসহ আহত ৬
কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ায় আজ শনিবার ভোরে ডাকাত দলের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে চার পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন বলে দাবি পুলিশের।
ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সন্দেহভাজন এক ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, আহত পুলিশ সদস্যরা হলেন কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম, কনস্টেবল ফরিদ আহমদ, বংশী ও অজয় বড়ুয়া। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমানের ভাষ্য, রাত সাড়ে তিনটার দিকে মনিরের নেতৃত্বে একটি ডাকাত দল রুমালিয়ারছড়ার বাঁচামিয়ার ঘোনা এলাকায় সিরাজুল ইসলামের বাড়িতে যায়। তারা গ্রিল কেটে ঘরে ঢোকার চেষ্টা চালায়। ঘরের লোকজন বাধা দেন ও চিৎকার করেন। ডাকাতেরা গুলি ছুড়লে সিরাজুলের ভাইয়ের মেয়ে রোকসানা (১৭) গুলিবিদ্ধ হয়। স্থানীয় লোকজনের খবরে ভোর পাঁচটার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। ডাকাতের গুলিতে পুলিশের চার সদস্য আহত হন।
আহত রোকসানাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।
ওসি মাহফুজুর রহমানের দাবি, বন্দুকযুদ্ধের পর ডাকাতেরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মনিরকে পাওয়া যায়। তাঁকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, নগদ অর্থ ও মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, মনিরের বিরুদ্ধে ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।