'বন্দুকযুদ্ধে' বিএনপি নেতা গুলিবিদ্ধ
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিএনপি নেতা আবু ইছা গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় পুলিশ তাঁকে প্রথমে যশোর জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে।
বাঘারপাড়ার তেলি ধান্যখোলা এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাতে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। আবু ইছা বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক। এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রায়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি হেরে যান। রায়পুরের নলডাঙ্গা গ্রামের নেছার উদ্দিনের ছেলে আবু ইছা।
পুলিশের ভাষ্যমতে, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বাঘারপাড়া-খাজুরা সড়কের তেলি ধান্যখোলা এলাকার একটি ইটভাটার কাছে একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশের টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা বোমা হামলা ও গুলি চালায়। পুলিশও পাল্টা ১২টি গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আবু ইছাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তবে আবু ইছার ভাগনে ইমরান হোসেন সাংবাদিকদের কাছে দাবি করেন, রাত দুইটার দিকে পুলিশের ১০ থেকে ১২ জন সদস্য বাড়ি থেকে আবু ইছাকে ধরে নিয়ে যান। সকালে তাঁরা জানতে পারেন, গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
যশোরের সহকারী পুলিশ সুপার (খ সার্কেল) বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, কাউকে বাড়ি থেকে ধরা হয়নি। তেলি ধান্যখোলা এলাকার একটি ইটভাটার কাছে একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নেয়। পুলিশের টহল দল সেখানে পৌঁছালে ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে আবু ইছার পায়ে গুলি লাগে। তিনি আরও বলেন, আবু ইছা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে বাঘারপাড়াসহ বিভিন্ন থানায় নাশকতা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধের ১০টি মামলা রয়েছে।
বাঘারপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক টিএস আইউব বলেন, ‘গুলিবিদ্ধ আবু ইছা রায়পুর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক। বিএনপিকে জনবিচ্ছিন্ন করার যে কৌশল সরকার নিয়েছে। তারই অংশ হিসেবে আবু ইছাকে গুলি করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’