'বন্দুকযুদ্ধে' মাদক কারবারি জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় শনিবার রাত ১টার দিকে পুলিশ ও মাদক কারবারিদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় শাহ আলম মিন্টু (৩৬) নামে একজন গুলিবিদ্ধ এবং তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, তিন রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে।

গুলিবিদ্ধ শাহ আলম লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগর গ্রামের সিরাজ উল্যার ছেলে। আহতরা পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল মমিন উল্যা, নুরুল্যা ও মাহাবুবুর রহমান।

পুলিশের ভাষ্য, গোপন সূত্রে সদর উপজেলার পালেরহাটে চিহ্নিত মাদক কারবারি শাহ আলম মিন্টু ও তাঁর লোকজনের অবস্থান জানতে পেরে গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। দুই পক্ষের গোলাগুলিতে ঘটনাস্থলে শাহ আলম মিন্টু গুলিবিদ্ধ ও তিন পুলিশ সদস্য আহত হন।

শাহ আলম মিন্টুকে পুলিশ পাহারায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ শাহ আলম মিন্টু তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে হত্যা ও মাদকদ্রব্য আইনে সদর থানায় একাধিক মামলা রয়েছে।