'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত
রাজশাহী র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম সাজ্জাদ হোসেন (৪৫)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী নগরের দামকুড়া থানার কসবা উচ্চ বিদ্যালয়ের পাশের লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক, চোরাচালান, অপহরণসহ সাতটি মামলা রয়েছে।
সাজ্জাদের বাড়ি দামকুড়া থানার হরিপুর বনপাড়া গ্রামে।
র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল রাতে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল টহল দিচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে দামকুড়া থানার কসবা উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় স্কুলের পূর্ব পাশে লিচু বাগানে টর্চের আলো এবং কিছু লোকের আনাগোনা দেখতে পায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে বাগান থেকে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের আত্মসমর্পণের নির্দেশ দিলে তারা টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় পাঁচ মিনিট গুলি বিনিময় চলে। পরে ঘটনাস্থলে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাকিরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাব জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, একটি গুলি, দুটি গুলির খোসা, ৫৫ বোতল ফেনসিডিল, টর্চ লাইট, একটি মোবাইল, দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের মধ্যে গত সোমবার দিবাগত রাত এবং গতকাল মঙ্গলবার ভোরে চার জেলায় পুলিশ ও র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন।
এ নিয়ে মাদকবিরোধী অভিযানে গত ৭১ দিনে ‘বন্দুকযুদ্ধে’ ১৮৯ জন মাদক ব্যবসায়ী নিহত হলেন। তাঁদের মধ্যে ১০২ জন পুলিশের সঙ্গে ও ৫০ জন র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। বাকি ৩৭ জন মাদক ব্যবসায়ী নিজেদের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হন বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।