'বন্দুকযুদ্ধে' যুবক নিহত, পরিবার বলছে ভিন্ন কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার জগহাটি গ্রামে ‘বন্দুকযুদ্ধে’ মো. রাসেল ওরফে রনি (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত রাসেল যশোরের চৌগাছা পৌর এলাকার কোল্ড স্টোরপাড়ার আবদুল গণির ছেলে।

নিহত যুবকের পরিবারের স্বজনদের দাবি, পুলিশের গুলিতে রাসেল নিহত হয়েছেন। আর পুলিশের দাবি, ডাকাতদের দুই পক্ষের গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেনের ভাষ্য, মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে জগহাটি এলাকায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হয়। একপক্ষের ছোড়া গুলি রাসেলের ঘাড়ে লাগে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান (বন্দুক) ও একটি রাইফেলের গুলিসহ এক ডাকাতকে আটক করা হয়েছে।
নিহত রাসেলের বিরুদ্ধে কোতোয়ালি ও চৌগাছা থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে আটটি মামলা রয়েছে। রাসেল এলাকার দাগি সন্ত্রাসী বলে ওসি দাবি করেন।
জানতে চাইলে হাসপাতালের মর্গে আসা নিহত রাসেলের এক স্বজন বলেন, ‘রাসেলকে পুলিশ ধরে নিয়ে ঘাড়ে গুলি করে হত্যা করেছে। তার নামে ছয়টি মামলা রয়েছে। এ জন্য রাসেল বাড়িতে থাকত না। আগে নছিমন চালাত। রাসেলের দুই ছেলেমেয়ে ও স্ত্রী রয়েছে।’
অভিযোগ অস্বীকার করে ওসি ইলিয়াস হোসেন বলেন, ‘পুলিশ কাউকে গুলি করে হত্যা করেনি। ডাকাতদের নিজেদের ছোড়া গুলিতে নিজেরা মরেছে।’
এ ব্যাপারে হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।