'বন্দুকযুদ্ধে' যুবদলের নেতাসহ দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার সোনাপুর ও চরশাহী গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবদলের নেতাসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন জানান, ‘বন্দুকযুদ্ধে’ আহত আরিফ হোসেন সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন যুবদলের সদস্য ও সোনাপুর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রের ভাষ্য অনুযায়ী, ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবরের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে সোনাপুরে অভিযান চালায়। এ সময় পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধ হয়। এতে আরিফ হোসেন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পুলিশ কনস্টেবল আবদুল কাদের, মাকছুদুর রহমান ও দেলোয়ার হোসেন আহত হন। ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচটি গুলি ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
সদর উপজেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদ উদ্দিন বলেন, গত সোমবার দুপুরে আরিফকে শ্বশুরবাড়ি থেকে আটক করে রাত দেড়টার দিকে পায়ে গুলি করে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়েছে পুলিশ।
এদিকে পুলিশ সূত্রের ভাষ্যমতে, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এ খবর পেয়ে সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশ চরশাহী গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশ ও ডাকাতদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে ডাকাত আজিজ উদ্দিন মাহমুদ বাবু গুলিবিদ্ধ হন। পরে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় চন্দ্রগঞ্জ থানার কনস্টেবল মোস্তাফিজুর রহমান, মোতালেব হোসেন ও মামুনের রহমান আহত হন। ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক, তিনটি গুলি, পুলিশের পোশাকসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গুলিবিদ্ধ আরিফ ও আজিজকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের আহত ছয় সদস্য একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সহকারী পুলিশ সুপার মো. জুনায়েত কাউছার বলেন, গুলিবিদ্ধ আরিফ হোসেন এলাকার চিহ্নিত ডাকাত। তাঁর বিরুদ্ধে সদর থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে নয়টি মামলা আছে।