'বন্দুকযুদ্ধে' শিবির ক্যাডার গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিবিরের এক ক্যাডার গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পুলিশের চার কর্মকর্তা আহত হন। গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিবির ক্যাডারের নাম মো. শহীদুল ইসলাম ওরফে পাগলা শহীদ (২৮)। তাঁর বাড়ি উপজেলার দেওদীঘি এলাকায়। বাবা এজাহার মিয়া। তাঁর বিরুদ্ধে হত্যাসহ ১৩টি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে শহীদুল ও তাঁর দুই সহযোগী মো. বোরহান (১৮) ও সাইম ফরহাদকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার রাইফেল, একটি পাইপগান, তিনটি রাইফেলের গুলি, একটি রামদা ও তিনটি গুলির খোসা উদ্ধার করার দাবি করেছে পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেনের ভাষ্য, উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর আশ্রয়ণ প্রকল্প এলাকার পাহাড়ের পাশে জামায়াত-শিবিরের একদল ক্যাডার গোপন বৈঠকের জন্য জড়ো হয়েছেন বলে সংবাদ পাওয়া যায়। এরপর সাতকানিয়া থানা-পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে পালানোর চেষ্টা চালায় জামায়াত-শিবিরের ক্যাডারেরা। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। আধঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে অন্তত ৪০টি গুলিবিনিময় হয়। এতে শিবিরের চিহ্নিত ক্যাডার পাগলা শহীদ পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দুই সহযোগীসহ শহীদকে গ্রেপ্তার করা হয়েছে। চিকিত্সার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মো. খালেদ হোসেন বলেন, এ ঘটনায় পুলিশের চার কর্মকর্তা আহত হয়েছেন। তাঁরা হলেন উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, ফজলুল হক, ইমরোজ তারেক ও এএসআই ইয়ামিন সুমন। তাঁদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভূঞা বলেন, শহীদুল উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও শিবির ক্যাডার। দীর্ঘদিন ধরে পুলিশ তাঁকে খুঁজছে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ ইসহাক দাবি করেন, ‘শহীদ আমাদের দলের একজন সমর্থক। পুলিশ তাঁকে মারার জন্য একাধিকবার টার্গেট করেছে। তাঁর বিরুদ্ধে মামলা থাকলে তাঁকে ধরে জেলে পাঠাতে পারত পুলিশ। কিন্তু পুলিশ তাঁকে গুলি করে পঙ্গু করে দিয়েছে।’