'বন্দুকযুদ্ধে' শোলাকিয়ার হামলাকারীসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফিউল ইসলাম
শফিউল ইসলাম

ময়মনসিংহের নান্দাইলে গতকাল বৃহস্পতিবার রাতে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন শোলাকিয়া হামলার ঘটনায় আহত অবস্থায় আটক শফিউল ইসলাম। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান দুজন নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে যে শোলাকিয়ার হামলাকারী শফিউলও আছেন, তা-ও নিশ্চিত করেছেন ওসি।
তবে বন্দুকযুদ্ধের বিষয় নিয়ে র্যা ব কোনো মন্তব্য করতে রাজি হয়নি। রাত পৌনে ১২টার দুটি মরদেহ র্যা বের গাড়িতে তুলে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় র্যা ব।
গতকাল রাত সোয়া ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার ডাংরির বন্দ নামক স্থানের একটি পরিত্যক্ত ইটভাটার কাছে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিনটি আধুনিক পিস্তল, দুটি চাপাতি, অবিস্ফোরিত একটি ককটেল ও নিবন্ধনবিহীন দুটি মোটরসাইকেল পড়ে আছে। আলো ফেলে ঘটনাস্থলটি ঘিরে রেখেছেন র্যা ব ও পুলিশ সদস্যরা। তবে ঘটনাস্থলের কোনো ছবি তুলতে দেওয়া হয়নি।
গত ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিমুদ্দিন স্কুলের পাশে পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এ হামলার ঘটনায় পুলিশের দুই সদস্য, এক নারী ও সন্ত্রাসীসহ চারজন নিহত হন। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা করা হয় সন্দেহভাজন হামলাকারী শফিউলকে।