'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন চোরাকারবারি নিহত
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক চোরাকারবারি নিহত হয়েছেন। মিয়ানমারের সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের বেড়িবাঁধ এলাকায় গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে বিজিবি দাবি করেছে।
বিজিবির ভাষ্য, নিহত ব্যক্তির নাম হোসেন আহমদ (৩০)। তিনি চোরাকারবার দলের সদস্য। তাঁর বাড়ি হ্নীলা ইউনিয়নের উত্তর আলীখালী গ্রামে।
বিজিবির দাবি, বন্দুকযুদ্ধে তাদের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বিজিবির ভাষ্যমতে, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবর পেয়ে বিজিবির একটি দল আলীখালী গ্রামে গতকাল রাতে অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে ১০-১২ জন চোরাকারবারি বেড়িবাঁধের ওপর দিয়ে আসতে থাকে। থামার সংকেত দিলে তারা বিজিবিকে লক্ষ্য করে ২০-২৫টি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি ১২টি গুলি চালায়। বন্দুকযুদ্ধে বিজিবির সদস্য তারা মিয়া ও ছিদ্দিকুর রহমান আহত হন। ঘটনাস্থল থেকে চোরাকারবার দলের এক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের ভাষ্য, গুলিবিদ্ধ চোরাকারবারি হোসেন আহমদকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। বিজিবির আহত দুই সদস্যকে একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজিবির এই কর্মকর্তার দাবি, ঘটনাস্থল থেকে উদ্ধার করা ৪০ হাজার ইয়াবা বড়ির আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা। এ ছাড়া সেখান থেকে দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, ময়নাতদন্তের জন্য হোসেন আহমদের লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।