'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কবুরহাট এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। পুলিশের ভাষ্য, নিহত টুলু মোল্লা (৩২) জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবির’ সদস্য। তিনি হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান হত্যায় জড়িত ছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, জেএমবির কয়েকজন সদস্য কবুরহাট এলাকায় জড়ো হয়েছেন বলে তথ্য পাওয়া যায়। পুলিশ ও ডিবি সেখানে অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে জেএমবির সদস্যরা গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে নিহত ব্যক্তিকে টুলু মোল্লা বলে শনাক্ত করেন তাঁর পরিবারের সদস্যরা। তিনি জেএমবির আঞ্চলিক নেতা। বাড়ি কুষ্টিয়া সদরের খাজানগর উত্তর মাঠপাড়া এলাকায়।
গতকাল সোমবার কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনিরুজ্জামান বলেন, নিহত ‘নব্য জেএমবি’ সদস্য কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান হত্যায় জড়িত ছিলেন।
ডিআইজি মনিরুজ্জামান বলেন, সানাউর হত্যার ঘটনায় নব্য জেএমবির চার সদস্যকে গত শনিবার কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আজিজুল ইসলাম, সাইফুল ইসলাম, জয়নাল ও সাইজুদ্দিন। তাঁদের মধ্যে আজিজুল ও সাইজুদ্দিন গত রোববার কুষ্টিয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে তাঁরা বলেন, সানাউর হত্যায় সরাসরি অংশ নেন তিনজন। তাঁরা হলেন বিকাশ, শফিউল ইসলাম ওরফে ডন ও হাসান ওরফে বাইক হাসান। টুলু মোল্লা পুরো পরিকল্পনায় অংশ নেন এবং হত্যাকারীদের আশ্রয় দেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম প্রথম আলোকে বলেন, হোমিও চিকিৎসকের হত্যাকাণ্ডের স্থলে একটি মুঠোফোন পাওয়া যায়। মুঠোফোনটি জেএমবির সদস্য বিকাশের ছিল। মুঠোফোন সূত্র ধরে তদন্ত চালানো হয়। হত্যা পরিকল্পনা ও মিশনে নয়জন জড়িত ছিলেন। সানাউরের পর আরও কয়েকজন হত্যার টার্গেটে ছিলেন।
পুলিশ জানায়, টুলু মোল্লা ২০১৪ সাল থেকে পাবনার ঈশ্বরদী এলাকায় একটি চালকল মিলে কাজ করতেন। সেখানে আবু মুসা ওরফে রবিন ওরফে তালহার সঙ্গে পরিচয় হয়। আবু মুসার বাড়ি পাবনার টেবুনিয়া এলাকায়। তিনি জেএমবির অপারেশন বিভাগের সক্রিয় সদস্য। তিনিই হত্যার মূল পরিকল্পনাকারী। তাঁকে এখনো আটক করা সম্ভব হয়নি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর টুলু মোল্লার লাশ নেন তাঁর চাচাতো ভাই ইলু মোল্লা। তিনি প্রথম আলোকে বলেন, টুলু পাবনার ঈশ্বরদীতেই থাকতেন। সেখানে মিলে কাজ করতেন। মাঝেমধ্যে বাড়ি আসতেন। সর্বশেষ এসেছিলেন তিন মাস আগে। তবে ১৭-১৮ দিন আগে পাবনা থেকে তাঁর সহকর্মীরা পরিবারকে জানান, কয়েকজন ব্যক্তি টুলু মোল্লাকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। তখন থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিস করতে পারেননি।
গত ২০ মে কুষ্টিয়া শহর থেকে ছয় কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম শিশিরমাঠ এলাকায় সানাউরকে (৫৮) চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। কুপিয়ে গুরুতর আহত করা হয় সানাউরের সঙ্গে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানকে (৩৮)। হত্যাকাণ্ডের পর জঙ্গি সংগঠন আইএস হত্যার দায় স্বীকার করে বার্তা দিয়েছিল।
নিহতের চাচাতো ভাই ইলু মোল্লা বলেন, টুলু পাবনার ঈশ্বরদীতেই থাকতেন। সেখানে মিলে কাজ করতেন। মাঝেমধ্যে বাড়ি আসতেন। সর্বশেষ এসেছিলেন তিন মাস আগে। তবে ১৭-১৮ দিন আগে পাবনা থেকে তাঁর সহকর্মীরা পরিবারকে জানান, কয়েকজন ব্যক্তি টুলু মোল্লাকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। তখন থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিস করতে পারেননি।