'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে। আটক হয়েছে আটজন।
আজ শনিবার ভোররাত সোয়া চারটার দিকে উপজেলার পেরুল এলাকায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে দাবি ডিবির।
ডিবির ভাষ্যমতে, নিহত ব্যক্তির নাম আবদুল কাদের (৩৫)। বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়। তাঁর বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা ছিল। তাঁর লাশ কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
আটক হওয়া সন্দেহভাজন আট ডাকাতের মধ্যে তিনজন ‘বন্দুকযুদ্ধে’ আহত হয়েছে। তারা একই হাসপাতালে চিকিৎসাধীন। বাকি পাঁচজন ডিবির হেফাজতে আছে।
ডিবির ভাষ্য, ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডিবির তিন সদস্য আহত হয়েছেন।
ডিবির কুমিল্লা জেলার উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ দাবি করেন, ডিবির একটি দল মহাসড়কে টহল দিচ্ছিল। পেরুল এলাকার মহাসড়কে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে খবর পাওয়া যায়। ডিবি ঘটনাস্থলে গেলে ডাকাতদল গুলি ছোড়ে। ডিবিও পাল্টা গুলি ছোড়ে। এতে এক ডাকাত নিহত হয়। আটক করা হয় আটজনকে। তাদের মধ্যে তিনজন আহত রয়েছে।